আইএসএল

চার্চিলের বাধা টপকে ডার্বির আগে স্বস্তিতে মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক টানা পাঁচ ম্যাচে জয়। আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান। চার্চিল ব্রাদার্সকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সবুজ-মেরুন। তবে শুরুতে যে দাপট দেখিয়েছিল মোহনবাগান, ম্যাচের শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত বিশাল কেইথের একাধিক গুরুত্বপূর্ণ সেভের সৌজন্যে কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ল প্যানোসের দল। জেমি ম্যাকলারেনের জোড়া অ্যাসিস্ট থেকে গোল ছাংতে ও অনিরুদ্ধ থাপার। চার্চিলের হয়ে পেনাল্টি থেকে গোল সেবাস্তিয়ান গুতিরেজের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। পাঁচ মিনিটে চার্চিল ডিফেন্ডারের ভুলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দ্রাজিজ। বাঁ-প্রান্তে লিস্টনের দাপটে একের পর এক আক্রমণ তৈরি হতে থাকে। অবশেষে ২৭ মিনিটে দ্রাজিজের পাস ধরে ম্যাকলারেনের বাড়ানো বল থেকে গোল করেন ছাংতে। এগিয়ে যায় মোহনবাগান। এরপর পরিবর্ত ফুটবলার নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে চার্চিল। বিশাল কেইথকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভও করতে হয়। প্রথমার্ধের শেষ দিকে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও দেখা যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়ায় চার্চিল। পাল্টা কৌশল বদলে লিস্টন ও ছাংতেকে তুলে নেন প্যানোস। ৬২ মিনিটে মনবীরের বাড়ানো বল ধরে ম্যাকলারেনের পাস থেকে ব্যবধান বাড়ান অনিরুদ্ধ থাপা। ২-০ এগিয়ে যাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে মোহনবাগান। একের পর এক আক্রমণ করে চার্চিল। ৮৫ মিনিটে ভিন্সি ব্যারেটোকে ফাউল করে পেনাল্টি উপহার দেন মনবীর। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান গুতিরেজ। শেষ দিকে চাপ বাড়লেও সমতা ফেরাতে পারেনি চার্চিল। ডার্বির আগে জয় নিয়েই কলকাতায় ফিরল মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version