ফুটবল
জয়ের লক্ষ্যে মাঠে নামছে মহামেডান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডার্বি দিয়েই চলতি মরশুমে ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং, প্রতিপক্ষ বাঘপত এফসি। মরশুমের শুরুতেই একাধিক সমস্যায় জর্জরিত ছিল সাদা-কালো ব্রিগেড। ট্রান্সফার ব্যানের কারণে দল গড়তেও বেশ সমস্যায় পড়তে হয়েছিল কলকাতার তৃতীয় প্রধানকে। তবে কলকাতা লিগে দুর্দান্ত শুরুর পর অনেকটাই আত্মবিশ্বাস অর্জন করেছে মেহরাজউদ্দিন ওয়াডুর দল। এবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামছে সাদা-কালো ব্রিগেড।
ডুরান্ড কাপের জন্য একাধিক নতুন মুখ এবং তারুণ্যের উপরেই ভরসা রাখছেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। গ্রুপ বি-তে মহামেডান স্পোর্টিং, বাঘপত এফসি ছাড়াও রয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং শ্যামলেশ্বরী। ফলে গ্রুপ পর্বে শীর্ষ স্থান বজায় রেখেই নকআউটে জায়গা করে নিতে চায় মহামেডান স্পোর্টিং। লম্বা প্রস্তুতির পর কলকাতা লিগের ধারাবাহিকতা ডুরান্ড কাপেও বজায় রাখতে চান ইসরাফিল দেওয়ান, ফারদিন আলিরা। ডুরান্ড অভিযান শুরু করার আগে সাংবাদিক সম্মেলনে মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, “আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। কলকাতা লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলারকেই ডুরান্ড কাপেও খেলতে হবে। এটা দল এবং আমাদের কোচিং স্টাফের জন্য কিছুটা চ্যালেঞ্জের। তবুও আমি মনে করি, ডুরান্ড কাপ একটি দারুণ প্রতিযোগিতা। ফুটবলাররা সবসময় এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে থাকে।”
