আন্তর্জাতিক ফুটবল

‘ঘৃণা নয়, ফুটবলের আনন্দ দেখুন’ — বিশ্বকাপ বিতর্কে সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ওঠা একের পর এক বিতর্কের মাঝেই মুখ খুললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ বার্তায় তিনি টুর্নামেন্টের আয়োজন নিয়ে ওঠা সমালোচনার তীব্র প্রতিবাদ করেন। তাঁর দাবি, অনেক সমালোচক ও সংবাদমাধ্যম গোটা বিশ্বকাপের ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে শুধুমাত্র নেতিবাচক বিষয়গুলোকেই সামনে এনেছেন।
ইনফান্তিনো বলেন, “যাঁরা এই বিশ্বকাপের আনন্দ, ঐক্য এবং আবেগ অনুভব করতে পারেননি, তাঁদের জন্য আমার দুঃখ হয়। অনেকেই ঘৃণা আর সমালোচনাতেই নিজেদের আটকে রেখেছেন।”
ফিফা সভাপতির দাবি, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত এই বিশ্বকাপে প্রায় ৭০ লক্ষ দর্শক ২০০-রও বেশি দেশ থেকে উপস্থিত ছিলেন। নিরাপত্তা, পরিকাঠামো এবং সামগ্রিক আয়োজনকে তিনি ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেন। ভিসা সংক্রান্ত কিছু সমস্যার কারণে কয়েকজন সমর্থক, ম্যাচ অফিসিয়াল এবং জাতীয় দলের প্রতিনিধিরা সমস্যায় পড়লেও, ইনফান্তিনোর মতে সেগুলি ছিল বিচ্ছিন্ন ঘটনা এবং গোটা বিশ্বকাপের সাফল্যকে খাটো করার মতো নয়।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ড এবং পরে নির্বাসন প্রত্যাহার নিয়ে তৈরি বিতর্কেরও ইঙ্গিত দেন ইনফান্তিনো। যদিও তিনি সরাসরি বালোগুনের নাম উল্লেখ করেননি, তবু বলেন, বিশ্বের বড় বড় ঘরোয়া লিগেও রেফারিং এবং শাস্তি নিয়ে বিতর্ক হয়। কিন্তু বিশ্বকাপে একই ধরনের ঘটনা ঘটলেই তা অস্বাভাবিকভাবে বড় করে দেখা হয়।
বার্তার শেষে সমালোচকদের উদ্দেশে ইনফান্তিনোর আবেদন, “ঘৃণা ছড়ানোর আগে একটু ভাবুন, ধ্যান করুন কিংবা প্রার্থনা করুন। ফুটবল মানুষের মধ্যে বিভেদ নয়, ঐক্য গড়ে তোলার শক্তি রাখে।”
সব বিতর্ক সত্ত্বেও ২০২৬ সালের বিশ্বকাপকেই ইতিহাসের “সবচেয়ে অসাধারণ বিশ্বকাপ” বলে দাবি করেছেন ফিফা সভাপতি। তাঁর মতে, এই টুর্নামেন্ট আবারও প্রমাণ করেছে যে, বিশ্বের নানা প্রান্তের মানুষকে এক সুতোয় বাঁধার ক্ষমতা ফুটবলেরই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version