আন্তর্জাতিক ফুটবল

৯০০ গোলের মাইল ফলক ছুঁলেন লিওনেল মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনাল্দো যখন হাজার গোলের দোরগোড়ায়, ঠিক সেই সময়ই নিঃশব্দে কেরিয়ারের ৯০০তম গোল পূর্ণ করলেন লিওনেল মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোয় ন্যাশভিলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জার্সিতে এই মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা। তবে ব্যক্তিগত সাফল্যের মাঝেও দলগত হতাশা এড়ানো গেল না।দুই লেগ মিলিয়ে ড্র করে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হলো মায়ামিকে।

ম্যাচের সপ্তম মিনিটেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গোল করেন মেসি। বক্সের মধ্যে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের ৭৪ মিনিটে বক্সের সামনে জটলার মধ্যে থেকে নেওয়া শট ডিফেন্ডারদের গায়ে লেগে পৌঁছে যায় ক্রিস্তিয়ান এসপিনোজ়ার কাছে, সেখান থেকে সহজেই সমতা ফেরান তিনি।

ম্যাচ জিততে না পারায় হতাশা থাকলেও মেসির ৯০০তম গোল সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। এই মাইলফলকে পৌঁছে রোনাল্দোর পাশে জায়গা করে নিলেন তিনি। উল্লেখযোগ্যভাবে, কম ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন মেসি।

তাঁর ৯০০ গোলের মধ্যে ৬৭২টি এসেছে বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে। প্যারিস সাঁ জাঁমের হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল, ইন্টার মায়ামির হয়ে ৯৩ ম্যাচে ৮১ গোল এবং আর্জেন্টিনার জার্সিতে ১৯৬ ম্যাচে ১১৫ গোল করেছেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version