ফুটবল

LA LIGA 2026/27: এমবাপের হ্যাটট্রিক, সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে বড় জয় রিয়ালের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে কষ্ট করে জয়। তবে দ্বিতীয় ম্যাচেই যেন চেনা ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের দুরন্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় দাপুটে জয় তুলে নিল স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে একটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়রও।

আগের ম্যাচের একাদশে কোনও পরিবর্তন করেননি কোচ হোসে মোরিনহো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম দিকে গোলের মুখ খুলতে পারছিল না রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সেই অপেক্ষার অবসান ঘটান এমবাপে। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় সোসিয়েদাদ। লুকা সুচিচের গোলে ১-১ হয় ম্যাচের ফল।

দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ বদলে যায় ম্যাচের ছবি। ৬০ মিনিটের মাথায় নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন এমবাপে। মাত্র আট মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৮০ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রিয়ালের হয়ে এমবাপের এই দুরন্ত শুরু বিশেষ তাৎপর্যপূর্ণ। স্পেনের ক্লাবে যোগ দেওয়ার পর গত দু’টি মরসুমেই লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। নতুন মরসুমেও যে গোলের ধারায় ছেদ পড়েনি, সোসিয়েদাদের বিরুদ্ধে হ্যাটট্রিকেই তার প্রমাণ মিলল।

ম্যাচের পর এমবাপের প্রশংসায় পঞ্চমুখ মোরিনহো। রিয়াল কোচের কথায়, ফরাসি তারকার মধ্যে ক্লাবের হয়ে ইতিহাস তৈরি করার প্রবল ক্ষুধা রয়েছে। একই সঙ্গে ভিনিসিয়াস এবং জুড বেলিংহ্যামের মতো তারকাদের নিয়ে নিজের দলের শক্তির কথাও তুলে ধরেন তিনি। বেলিংহ্যাম এই ম্যাচে দু’টি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এবার লক্ষ্য আরও বড়। গত মরসুমের হতাশা পিছনে ফেলে এমবাপের গোলের উপর ভর করে লা লিগার খেতাব পুনরুদ্ধার করতে চাইছে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version