আন্তর্জাতিক ফুটবল
ভোলপাতোকে ঘিরে ইতালি-অস্ট্রেলিয়া টানাপোড়েন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতালি অনূর্ধ্ব ২১ দলে খেলা প্রতিভাবান মিডফিল্ডার ক্রিশ্চিয়ান ভোলপাতোকে বিশ্বকাপ দলে টানতে মরিয়া অস্ট্রেলিয়া।
ইতালিয়ান ক্লাব ইউএস সাসুয়োলোর হয়ে খেলা এই তরুণের জন্ম অস্ট্রেলিয়ায়, যদিও তাঁর মা-বাবা ইতালীয়। বয়সভিত্তিক স্তরে নিয়মিত ইতালির প্রতিনিধিত্ব করলেও সিনিয়র পর্যায়ে কোন দেশের জার্সি গায়ে তুলবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, সরাসরি বিশ্বকাপ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে ভোলপাতোকে। সেই কারণেই অস্ট্রেলিয়ার কোচ টনি পাপোভিচ এবং প্রাক্তন তারকা পল অকোন ইতালিতে গিয়ে তাঁর সঙ্গে আলোচনা করছেন।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ভোলপাতো। তিনি কি ইতালির নীল জার্সিতেই থাকবেন, নাকি জন্মভূমি অস্ট্রেলিয়ার সবুজ-সোনালি রং বেছে নেবেন,সেটাই এখন দেখার।
