আইএসএল
আইএসএলের বল পার্টনার নিভিয়াই, পিছনে ফেলল কেলমে-ডেকাথলনকে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন মরসুমেও আইএসএলের বল পার্টনার থাকছে দেশীয় সংস্থা নিভিয়া। এই স্বত্ব পাওয়ার দৌড়ে নিভিয়ার সঙ্গে লড়াই ছিল দুই বিদেশি সংস্থা কেলমে ও ডেকাথলনের। শেষ পর্যন্ত ক্লাবগুলির ভোটাভুটিতে বাজিমাত করে নিভিয়াই।
জানা গিয়েছে, ডেকাথলন এবং নিভিয়া—দুই সংস্থাই আইএসএলকে বল সরবরাহের পাশাপাশি প্রায় সমপরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। ফলে শুধু আর্থিক প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না। সেখানেই অতিরিক্ত সুবিধা দিয়ে এগিয়ে যায় নিভিয়া।
নিভিয়ার প্রস্তাবে আইএসএলের ম্যাচে ব্যবহারের জন্য বল সরবরাহের পাশাপাশি রেফারি এবং লিগের কেন্দ্রীয় কর্মীদের ইউনিফর্ম দেওয়ার কথাও ছিল। এই অতিরিক্ত প্রস্তাবই শেষ পর্যন্ত তাদের পক্ষে যায়। আইএসএলের পরিচালক ক্লাব জোটের সদস্য ক্লাবগুলির ভোটাভুটির মাধ্যমে নিভিয়াকেই এ বারের বল পার্টনার হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ফলে ফের আইএসএলের সঙ্গে জুড়ল ভারতীয় এই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা। দেশীয় সংস্থার উপরই আস্থা রাখল আইএসএলের ক্লাবগুলি। কেলমে ও ডেকাথলনের মতো আন্তর্জাতিক সংস্থাকে টপকে এ বারও লিগের মাঠে দেখা যাবে নিভিয়ার বল।
