আইএসএল

মুম্বই ছেড়ে চেন্নাইয়নে যোগ দিলেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার নুনো

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: মুম্বই সিটি এফসি ছেড়ে আইএসএলের নতুন মরসুমে চেন্নাইয়ন এফসি-তে যোগ দিলেন পর্তুগিজ সেন্টার ব্যাক নুনো রেইস। বুধবার ৩৫ বছর বয়সি এই ডিফেন্ডারকে আনুষ্ঠানিক ভাবে দলে স্বাগত জানিয়েছে মেরিনা মাচানরা। গত মরসুমে মুম্বইয়ের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর তাঁকে দলে নিল চেন্নাইয়ন।

পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং লিসবনের অ্যাকাডেমি থেকে উঠে আসা নুনো পরে সার্কেল ব্রাজ, ওলহানেন্স, মেৎজ, প্যানাথিনাইকোস, ভিতোরিয়া সেতুবল, লেভস্কি সোফিয়া এবং মেলবোর্ন সিটি এফসি-র মতো ক্লাবে খেলেছেন। ২০২৪-২৫ মরসুমে মোহনবাগানে যোগ দিলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সবুজ-মেরুনের অংশগ্রহণ বাতিল হওয়া এবং আইএসএলের বিদেশি নথিভুক্তির নিয়মের কারণে সুপার কাপের আগে মাঠে নামার সুযোগ পাননি। শেষ পর্যন্ত মোহনবাগানের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই তাঁর অধ্যায় শেষ হয়।

এর পর পর্তুগালের তৃতীয় ডিভিশনের ক্লাব ইউনিয়াও সান্টারেমে যোগ দেন নুনো। সেখানে লিগ ও কাপ মিলিয়ে ১২টি ম্যাচ খেলে মাঝ মরসুমেই ফের ভারতে ফিরে মুম্বই সিটি এফসি-তে সই করেন। আইএসএলে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে চেন্নাইয়ন এফসি-র জার্সিতে দেখা যাবে অভিজ্ঞ এই পর্তুগিজ ডিফেন্ডারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version