আইএসএল
ISL 2025/26: কোচিতে দাপুটে জয় পঞ্জাবের, ফের হার কেরালা ব্লাস্টার্সের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে দাপটের সঙ্গে হারাল পঞ্জাব এফসি। শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩–১ গোলে জিতল পঞ্জাব। প্রথমার্ধেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় তারা।
শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে দেখা যায় পাঞ্জাবকে। তার ফলও পায় দ্রুত। খাইমিনথাং লুংডিমের বাড়ানো বল থেকে দুরন্ত ফিনিশে দলকে এগিয়ে দেন সামির জেলজকোভিচ। এরপর মাঝমাঠে কেরালার ভুল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান বেদে ওসুজি। সামিরের পাস থেকে ঠান্ডা মাথায় গোল করেন নাইজেরিয়ান স্ট্রাইকার।
প্রথমার্ধের শেষের দিকেই কার্যত ম্যাচ শেষ করে দেয় পাঞ্জাব। কিপগেনের শট ক্রসবারে লেগে ফিরে আসার পর রিবাউন্ডে হেড করে তৃতীয় গোল করেন দানি রামিরেজ। তিন গোলের লিড নিয়েই বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ের চেষ্টা করে কেরল। এক ঘণ্টার মাথায় ফাল্লু এনদিয়ায়ের হেডে ব্যবধান কমায় তারা। তবে এরপর আর তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি ব্লাস্টার্স। উল্টে যোগ করা সময়ে মার্লন রুস-ত্রুজিলোর লাল কার্ডে ১০ জনে নেমে যায় কেরালা।
শেষ পর্যন্ত প্রথমার্ধের তিন গোলই পার্থক্য গড়ে দেয়। এই জয়ে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে উঠল পঞ্জাব এফসি। অন্যদিকে ছয় ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতেই রয়ে গেল কেরালা ব্লাস্টার্স। ম্যাচের সেরা নির্বাচিত হন সামির জেলজকোভিচ।
