আইএসএল

ISL 2025/26: হতাশা ভুলে ইতিবাচক লোবেরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচে মাঠে নামার আগেই প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে সমীহ করছিলেন সার্জিও লোবেরা। তাই বিপক্ষের ডেরায় প্রথম একাদশে পরিবর্তন এনে রক্ষণে শক্তি বাড়িয়েছিলেন বাগান কোচ। যদিও তাতে কাজ হল না। বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মোহনবাগান।

দলের খেলায় খুশি হলেও, পয়েন্ট নষ্ট করে বেশ হতাশ লোবেরা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেন, “আমরা একটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি। সুযোগ তৈরি করলেও, আজ আমরা গোল করতে পারিনি। এখন মনে হচ্ছে আমরা যেন এক পয়েন্ট পাইনি, বরং দুই পয়েন্ট হারিয়েছি।”

যদিও হতাশা ভুলে ইতিবাচক থাকতে চাইছেন বাগান কোচ। তিনি বলেন, “ম্যাচে বেশ কিছু সময় আমরা চাপে ছিলাম। কিন্তু সেই সময়েও দল দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে। তাতে আমি খুশি।”

শততম ম্যাচ খেলতে নেমে নায়ক হওয়ার সুযোগ হাতছাড়া করলেন দিমিত্রি পেত্রাতোস। দুরন্ত ফুটবল খেলেও দলকে জয় এনে দিতে পারলেন না অনিরুদ্ধ থাপা। ম্যাচ শেষে হতাশার সুরে তিনি বলেন, “সবার জন্যই খারাপ লাগছে। আজ সবাই লড়াই করেছে। তবে খেতাব জিততে হলে আমাদের আরও সচেতন হতে হবে।”

এবারের মরশুম অনেক ছোট, তাই ভুল করার সুযোগ কম। এই প্রসঙ্গে লোবেরা বলেন, “আমি একজন কোচ হিসেবে খুব উচ্চাকাঙ্ক্ষী এবং সব ম্যাচ জিততে চাই, তাই পুরোপুরি সন্তুষ্ট নই। কিন্তু পেশাদার হিসেবে বিশ্লেষণ করলে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুশি।”

বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করেই লিগ টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেছে মোহনবাগান। তবুও আত্মতুষ্টিতে ভুগতে চান না লোবেরা। ইতিবাচক মানসিকতা নিয়েই মুম্বই ম্যাচে মাঠে নামতে চায় সবুজ-মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version