আইএসএল
ISL 2025/26: দ্বিতীয় হারে চাপে মহামেডান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও হতাশ করল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী এফসি গোয়ার কাছে ২-০ গোলে হার মানতে হল সাদা-কালো শিবিরকে।
শুরু থেকেই মানোলো মার্কুয়েজের দল বল দখলে রেখে আক্রমণের ঝাঁঝ বাড়ায়। চতুর্থ মিনিটে কর্নার থেকে ডেজান দ্রাজিচের বাড়ানো বল স্প্যানিশ ডিফেন্ডার পল মোরেনোর শক্তিশালী হেডে জালে জড়িয়ে যায়। রক্ষণভাগের সমন্বয়ের অভাবেই প্রথম ধাক্কা খায় মহামেডান।গোলের পর ব্রাইসন ও দ্রাজিচ মিলে মাঝমাঠ এবং বা প্রান্ত দখল করে একের পর এক আক্রমণ শানাতে থাকেন। মহিতোষদের পাল্টা আক্রমণের চেষ্টা ছিল বিক্ষিপ্ত। ৩২ মিনিটে উদান্তাকে বক্সের মধ্যে ফাউল করেন শুভজিৎ। পেনাল্টি থেকে নির্বিঘ্নে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দ্রাজিচ। ২-০ ব্যবধানে বিরতিতে যায় গোয়া।
দ্বিতীয়ার্ধে ফারদিন আলি মোল্লা, মাখন ছোটে ও সাকাকে নামিয়ে ছন্দ ফেরানোর চেষ্টা করেন কোচ। অমরজিতের কয়েকটি দূরপাল্লার শট আশা জাগালেও গোল আসেনি। ৭৩ মিনিটে মাখনের সুযোগ নষ্টই শেষ আশাভঙ্গ। শেষ পর্যন্ত দুই গোলের লিড অক্ষুণ্ণ রেখে মরশুমের প্রথম জয় তুলে নিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে গেল গোয়া, আর টেবিলের শেষে পড়ে রইল মহামেডান স্পোর্টিং।
