আইএসএল

ISL 2025/26: ব্যর্থ মহিতোষের লড়াই, হার মহামেডানের

Published

on

সায়ন প্রামানিক, কলকাতা: টানা তিন ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিল মহামেডান স্পোর্টিং। কিন্তু তাতেও বিশেষ লাভ হল না। মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেদের খেলায় কিছুটা লড়াই দেখা গেলেও, হারের ধারা বজায় থাকল। বেঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে হেরে মাঠ ছাড়ল মহামেডান। বেঙ্গালুরুর হয়ে গোল করলেন রায়ান উইলিয়ামস এবং আশিক কুরুনিয়ান। মহামেডানের হয়ে একমাত্র গোলদাতা মহিতোষ রায়।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর দাপট বজায় ছিল সুনীল ছেত্রীদের। ১৮ মিনিটে রায়ানের নেওয়া শট সাজ্জাদ গোললাইন থেকে বাঁচিয়ে না দিলে, তখনই এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু। ২১ মিনিটে গোলরক্ষক পদম ছেত্রী একটি নিশ্চিত গোল বাঁচান। তবে রক্ষণের ভুল ধরা পড়ে ঠিক এক মিনিট পরেই। কর্নার থেকে ভেসে আসা বল সাজিয়ে দেন সুনীল ছেত্রী। সেখান থেকেই নিখুঁত ফিনিশ করেন রায়ান উইলিয়ামস। পিছিয়ে পড়ে মহামেডান যখন ছন্দে ফেরার চেষ্টা করছে, তখনই ৪১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান বাড়িয়ে দেন আশিক কুরুনিয়ান।

দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে সাদা-কালো ব্রিগেড। ৫১ মিনিটে অ্যাডিসনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন সানা সিং। ফিরতি বলে জোরালো শটে মহামেডানের হয়ে ব্যবধান কমান মহিতোষ। তবে অতিরিক্ত সময়ে ফারদিন গোল করলেও ফাউলের কারণে রেফারি তা বাতিল করে দেন। ফলে আরও একটি হারের মুখোমুখি হল মহামেডান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version