আইএসএল
ISL 2025/26: শীর্ষে ওঠার লড়াইয়ে সবুজ-মেরুন, ঘুরে দাঁড়াতে মরিয়া মহামেডান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বি। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও মহমেডান এসসি। মরশুমের শুরুতেই বড় ম্যাচ, তাই উত্তেজনাও তুঙ্গে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান দারুণ ছন্দে রয়েছে। দু’ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে তারা। গত ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ২-০ হারিয়েছে সবুজ-মেরুন। গোল করেছেন জেমি ম্যাকলারেন ও দিমিত্রিওস পেত্রাতোস। সেই আত্মবিশ্বাস নিয়েই ডার্বিতে নামবে তারা।
ডার্বির গুরুত্ব নিয়ে কোচ সের্জিও লোবেরা বলেছেন, “যদি আমরা ভাবি ম্যাচটা সহজ হবে, তা হলে জেতা কঠিন। প্রতিপক্ষকে পুরো সম্মান দিতেই হবে। কাগজে-কলমে আমরা এগিয়ে থাকতে পারি, কিন্তু মাঠে সেটা প্রমাণ করতে হবে। একশো শতাংশ না দিলে সমস্যা হতে পারে। সঠিক মানসিকতা নিয়ে ৯০ মিনিট লড়াই করতে হবে।”
ফরোয়ার্ড জেমি ম্যাকলারেনের লক্ষ্য স্পষ্ট। তাঁর কথায়, “আমি আগে দলের সাফল্য চাই। পরিশ্রম করলে গোল আসবেই। গত বছর গোল্ডেন বুট পাইনি, কিন্তু ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পুরস্কার ভালো, কিন্তু আমার আসল লক্ষ্য দলকে ট্রফি জেতানো।”
অন্যদিকে মহমেডান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। প্রথম দু’ম্যাচেই হার। গোলও পায়নি তারা। এফসি গোয়ার বিরুদ্ধে ০-২ হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে সাদা-কালো ব্রিগেড।
ডার্বি জিতে মরশুমে প্রথম পয়েন্ট তুলতেই মরিয়া তারা।সব মিলিয়ে যুবভারতীতে জমজমাট লড়াইয়ের অপেক্ষা। একদিকে ছন্দে থাকা চ্যাম্পিয়ন, অন্যদিকে প্রত্যাবর্তনের লড়াই।
