আইএসএল
ISL 2025/26: গোয়ার বিরুদ্ধে ড্র করে চার নম্বরে ইস্টবেঙ্গল
নিজস্ব প্রতিনিধি : সুযোগের অভাব ছিল না, কিন্তু গোলের দেখা মিলল না,তাই ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার লড়াই শেষ পর্যন্ত থামল গোলশূন্য ড্র তেই । যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়া এই ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলরক্ষক ও ডিফেন্সের দৃঢ়তাই ম্যাচের ফল নির্ধারণ করে ।
শুরুর দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিল গোয়া। তবে বিপজ্জনক মুহূর্তে সামনে এসে দাঁড়ান আনোয়ার আলি। তাঁর নির্ভুল ট্যাকেলেই রক্ষা পায় লাল-হলুদ শিবির। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পাল্টা সুযোগ পায় ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে দুর্দান্ত একটি বল বাড়ান বিপিন সিং। কিন্তু সামনে প্রায় ফাঁকা গোল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ইউসেফ ইজ্জেজারি।এরপর গোয়ার চাপ বাড়তেই থাকে। একসময় একেবারে একা পেয়ে শট নেন ঈশান পন্ডিতা। কিন্তু দুরন্ত সেভ করে দলকে রক্ষা করেন গোলরক্ষক প্রভসুখন গিল। কয়েক মুহূর্তের ব্যবধানে আরও একবার তাঁর দক্ষতায় বাঁচে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে কোচ অস্কার ব্রুজো আক্রমণে গতি বাড়াতে পরিবর্তন আনেন। মাঠে নামেন অ্যান্টন ও বিষ্ণু। বিষ্ণু কয়েকটি ভালো আক্রমণ গড়ে তুললেও গোলের মুখ খোলা যায়নি। অন্যদিকে ম্যাচের শেষভাগে গোয়ার রেনিয়ারের একটি শট অল্পের জন্য বাইরে চলে যায়।শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি। ফলে গোলহীন অবস্থাতেই শেষ বাঁশি বাজে।
এই ফলের পর চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানেই থাকল ইস্টবেঙ্গল, আর আট পয়েন্ট নিয়ে একধাপ ওপরে অবস্থান করছে গোয়া।
