রে স্পোর্টজের ওয়েব ডেস্ক : বৃষ্টিভেজা গুয়াহাটির রাতে লড়াইটা সহজ না হলেও লক্ষ্যভ্রষ্ট হলনা মোহনবাগান। কঠিন পরিস্থিতির মধ্যেও সঠিক পরিকল্পনা ভিত্তিক ফুটবল খেলে নর্থইস্টের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই আপাত নিরীহ নর্থইস্টের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েই নামে মোহনবাগান। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। ডানদিক থেকে গড়া সুন্দর আক্রমণে সাহাল বল পৌঁছে দেয় বক্সের মধ্যে, নিখুঁত ফিনিশ করেন রবসন। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
প্রথমার্ধে বলের দখল এবং আক্রমণের দিক থেকে এগিয়েই ছিল মোহনবাগান। জেসন কামিন্স, সাহাল আব্দুল সামাদরা একাধিকবার সুযোগ তৈরি করলেও গোলরক্ষক গুরমিত সিং বাধা হয়ে দাঁড়ান। তবে বৃষ্টির দাপটে ম্যাচের গতি বারবার ব্যাহত হয়—মাঝে কয়েকবার বল থেমে যাচ্ছিল মাঠে জল জমে থাকার কারণে। ভারী বৃষ্টির কারণে মাঠ পিচ্ছিল হয়ে ওঠায় ফুটবলারদের বল নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়েছিল, ফলে স্বাভাবিক ছন্দে খেলাই বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় দুই দলের কাছে।
ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে নর্থইস্ট। ৩৬ মিনিটে পার্থিব গোগোইয়ের সামনে ভালো সুযোগ এলেও দ্রুত এগিয়ে এসে কোণ ছোট করে দেন বিষাল। বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা খেলা বন্ধ থাকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে। অনবরত হতে থাকা বৃষ্টির ফলে মাঠ ভারী হয়ে যায়, ফলে দ্বিতীয়ার্ধে দুই দলই লং পাসে ফুটবল খেলতে শুরু করে। গোলের দেখা পায়েনি কোন দলই।
শেষ পর্যন্ত রক্ষণভাগের দৃঢ়তা আর গোলরক্ষকের নির্ভরযোগ্যতায় জয় নিশ্চিত করে মোহনবাগান। এই জয়ের ফলে মুম্বইকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল মোহনবাগান।
