আন্তর্জাতিক ফুটবল
এই মরসুমই শেষ! অবসরের ইঙ্গিত রোনাল্ডোর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য এল বড় খবর। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার ক্লাব ফুটবল থেকেও অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা। ৪১ বছর বয়সী রোনাল্ডো জানিয়েছেন, চলতি মরসুমই হতে পারে তাঁর পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ অধ্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “এটাই হয়তো ফুটবলে আমার শেষ মরসুম। তাই আমি অসাধারণ একটা ছাপ রেখে যেতে চাই।” অর্থাৎ বিশ্বকাপের পর আল নাসেরের জার্সিতে তাঁকে আর দেখা নাও যেতে পারে।
অবসরের পরের জীবন নিয়েও পরিকল্পনা করে ফেলেছেন রোনাল্ডো। তাঁর কথায়, ফুটবল ছেড়ে অনেক ঘুরবেন, প্যাডেল খেলবেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন। দীর্ঘ ২৫ বছর ধরে ফুটবলের জন্য ত্যাগ স্বীকার করার পর এ বার জীবন উপভোগ করতে চান তিনি।
১১ অগস্ট দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করেছেন রোনাল্ডো। পাঁচ সন্তানের বাবা এই তারকা অবসরের পর পরিবারকেই বেশি সময় দিতে চান।
তবে অবসরের আগে আরও একটি বড় লক্ষ্য রয়েছে তাঁর সামনে। ক্লাব ও দেশের হয়ে এখনও পর্যন্ত ৯৭৬ গোল করেছেন রোনাল্ডো। চলতি মরসুমে আরও ২৪ গোল করতে পারলেই প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে তাঁর। বিশ্বকাপে ছ’বার খেলেও সাফল্য না পেলেও কেরিয়ারের শেষটা সেই ঐতিহাসিক রেকর্ড দিয়ে রাঙাতে চাইবেন পর্তুগিজ মহাতারকা।
