আন্তর্জাতিক ফুটবল
বিশ্বকাপের স্বপ্ন ফেরাতে ইতালির হাল ধরছেন পিরলো
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতালির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হতে চলেছেন কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাঁর সঙ্গে চার বছরের চুক্তির বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে। শুক্রবার ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।২০০৬ বিশ্বকাপজয়ী ইতালির অন্যতম সেরা মিডফিল্ডার পিরলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইউনাইটেডের কোচ। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্তাসের দায়িত্ব নিয়ে দলকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জিতিয়েছিলেন তিনি। কোচিং ক্যারিয়ারে জুভেন্তাস অনূর্ধ্ব-২৩ দল, ফাতিহ কারাগুমরুক ও সাম্পদোরিয়ার দায়িত্বও সামলেছেন।ইতালির কোচ হওয়ার দৌড়ে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল পেপ গার্দিওলাকে। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। শেষ পর্যন্ত পিরলোকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় এফআইজিসি।গত এপ্রিলে জেনারো গাত্তুসো সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের খোঁজে ছিল ইতালি। ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবল ইতিহাসে এটি অন্যতম কঠিন সময়। ১৯৫৮ সালের পর এত দীর্ঘ সময় বিশ্বকাপের বাইরে থাকার নজিরও ছিল না ইতালির।সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন পিরলো। তাঁর প্রথম লক্ষ্য হবে ইতালিকে ইউরো ২০২৮-এর মূল পর্বে পৌঁছে দেওয়া এবং জাতীয় দলকে আবারও ইউরোপ ও বিশ্ব ফুটবলের শীর্ষ সারিতে ফিরিয়ে আনা।
