Connect with us

EPL 2025/26: ঘরের মাঠে লিডসের কাছে ধাক্কা, হার ম্যানচেস্টার ইউনাইটেডের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : লম্বা বিরতির পর মাঠে ফিরে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে যায় ঐতিহ্যবাহী ক্লাবটি। এই জয়ে রেলিগেশন অঞ্চলের চাপ কিছুটা কমাল লিডস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় লিডসকে। পঞ্চম মিনিটেই পেনাল্টি বক্সের কাছ থেকে নিচু শটে দলকে এগিয়ে দেন নোয়া ওকাফোর। ৩০ মিনিটের আগেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে স্বাগতিকদের জন্য। ৫৬ মিনিটে ডমিনিক কালভার্ট-লুইনের চুল টানার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। ফলে প্রায় পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়েই খেলতে হয় ইউনাইটেডকে। এই লাল কার্ডের কারণে আগামী তিন ম্যাচেও তাকে পাবে না দল।

তবুও লড়াই চালিয়ে যায় মাইকেল ক্যারিকের দল। ৬৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে হেড করে একটি গোল শোধ করেন কাসেমিরো। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফেরা সম্ভব হয়নি।

পরিসংখ্যানেও খুব একটা পিছিয়ে ছিল না ইউনাইটেড। ৫২ শতাংশ বল দখল রেখে ১৬টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৫ শটের ৫টি লক্ষ্যে রেখে কার্যকর ফুটবলেই জয় তুলে নেয় লিডস।

এই জয়ে ৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠল লিডস। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা