আন্তর্জাতিক ফুটবল
৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন সিরো ইমোবিল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চমকপ্রদ ঘোষণা দিয়ে ফুটবলকে বিদায় জানালেন ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল। ৩৬ বছর বয়সে বর্ণময় ১৭ বছরের পেশাদার ফুটবল কেরিয়ারের ইতি টানলেন তিনি। গত শীতকালীন দলবদলের শেষ মুহূর্তে বোলোনিয়া থেকে প্যারিস এফসিতে যোগ দিয়েছিলেন ইমোবিল। ফরাসি ক্লাবটির হয়ে আরও এক মরসুম খেলার প্রস্তুতি থাকলেও হঠাৎই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
ক্লাব সতীর্থদের নিজের সিদ্ধান্ত জানানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ইমোবিল। বলেন, “আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এই পেশাকে ভালোবাসি। কিন্তু নিজের সঙ্গে সৎ থাকতে হবে। এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সময় এসেছে। গত ১৭ বছর ধরে আমার তাদের প্রয়োজন ছিল, এখন তাদের আমাকে প্রয়োজন।”কেরিয়ারের অন্যতম সেরা অধ্যায় ছিল ২০১৯-২০ মরসুম। লাজিওর হয়ে ৩৬ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন তিনি। সেই সাফল্যে টানা তিন বছর লিওনেল মেসির দখলে থাকা পুরস্কারের রাজত্বও থামে। সেরি আ-তে তাঁর গোলসংখ্যা ২০১। চার বার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইমোবিল।
ইতালির হয়ে ইউরো ২০২০ জয়েরও অংশ ছিলেন তিনি। ক্লাব ফুটবলে লাৎসিও, বরুশিয়া ডর্টমুন্ড ও বেসিকতাসের হয়ে ট্রফি জিতেছেন। জুভেন্টাস, জেনোয়া, তোরিনো ও সেভিয়ার হয়েও খেলেছেন।প্যারিস এফসি-র মতে, ৬৫০-এর বেশি ম্যাচে ৩২০-এর বেশি গোল এবং একাধিক ট্রফি জেতা ইমোবিল সত্যিই এক কিংবদন্তি।
