ফুটবল

সেনেগালের কাছে ১-৬ গোলে হার, তৃতীয় হয়ে তৃতীয় স্তরে ভারতের অনূর্ধ্ব-১৫

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে সেনেগালের কাছে বড় ব্যবধানে হারল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। সোমবার বাকুর হোভসান কমপ্লেক্সে গ্রুপের শেষ ম্যাচে ১-৬ গোলে পরাজিত হলেন রোনানদেব আইহেইবামরা। এই হারের ফলে গ্রুপ কে-তে তৃতীয় স্থানে শেষ করে প্রতিযোগিতার পরবর্তী পর্বে তৃতীয় স্তরে খেলতে হবে ভারতকে।

ভারতের রক্ষণকে কার্যত তছনছ করে দেন সেনেগালের আবদুলায়ে দিয়ালো। ম্যাচের নবম, একাদশ, অষ্টাদশ ও ৩১ মিনিটে গোল করে চারটি গোল করেন তিনি। প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সেনেগালের এই ফুটবলার। জর্জেস কানফোম ১৪ মিনিটে এবং পিয়ের এমবেঙ্গে ২৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই ছয় গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।

৩৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একটি গোল শোধ করে ভারত। দীপক সিং আরামবামের নিচু ক্রস থেকে পা ছুঁইয়ে জালে বল জড়ান রোনানদেব। তবে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি ভারতীয় দল।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। অন্যদিকে, বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে ক্যামেরুন ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শেষ করেছে। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেনেগাল। ফলে ক্যামেরুন খেলবে প্রথম স্তরে এবং সেনেগাল দ্বিতীয় স্তরে। ভারতের লড়াই হবে ৬৫ থেকে ৯৬তম স্থান নির্ধারণের জন্য তৃতীয় স্তরে। আগামী ৩০ অক্টোবর প্রতিযোগিতার শেষ দিন পর্যন্ত নকআউট পদ্ধতিতে চলবে স্থান নির্ধারণের ম্যাচগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version