ফুটবল
পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচের দিন বদল, ২৫ সেপ্টেম্বর মুখোমুখি দুই দল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পানামার বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের দিন বদল করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি আগে ২৬ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও এক দিন এগিয়ে তা ২৫ সেপ্টেম্বর আয়োজন করা হবে। ম্যাচটি ফিফা উইন্ডোর মধ্যেই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করা পানামার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। যাদের এই মুহূর্তে ফুটবল র্যাঙ্কিং ৪৪। সুত্র মারফত জানা যাচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু ম্যারাথন হবে। তার ঠিক এক দিন আগে এই ম্যাচ আয়োজন করলে সমস্যা হতে পারে। কারণ ম্যারাথনের শুরু এবং শেষ হবে কান্তিরাভাতেই। তাই পানামা ম্যাচ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ।
আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে এই ম্যাচকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। AIFF জানিয়েছে, ম্যাচের টিকিট আগামী সপ্তাহ থেকে জোমাটো ডিস্ট্রিক্ট অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাবে। ম্যাচের দিন বদল হলেও ভেন্যু অপরিবর্তিত থাকছে। ফলে ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে উইলিয়ামস-আনোয়াররা।
