ফুটবল
টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান, নায়ক বিশাল কাইথ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শিলংয়ের কঠিন পরিবেশ, ভেজা মাঠ এবং মাত্র এক দিনের প্রস্তুতি সব প্রতিকূলতাকে পেরিয়ে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেডকে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ডুরান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করল সবুজ-মেরুন ব্রিগেড। আর এই জয়ের সবচেয়ে বড় কারিগর গোলরক্ষক বিশাল কাইথ।
শিলংয়ে নামার পর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব বেশি সময় পায়নি মোহনবাগান। তার উপর বৃষ্টিতে মাঠের পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। বলের গতি বারবার বদলেছে, পিছলে গিয়েছেন ফুটবলাররা। তবু আক্রমণে বেশি সক্রিয় ছিল মোহনবাগান। ১০ মিনিটে নাসিরির ক্রস থেকে সুযোগ তৈরি হলেও গোল হয়নি। ২৩ মিনিটে লিস্টনের ফ্রি-কিকও দুর্দান্তভাবে রুখে দেন নর্থইস্টের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে মাঠের অবস্থা আরও খারাপ হয়। ৫৭ মিনিটে সাহাল ও নাসিরির পরিবর্তে থাপা ও জেমি ম্যাকলারেনকে নামান প্যানাজিওটিস দিলেম্পেরিস। অভিষেক হয় মিগুয়েল ও ছাংতেরও। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানেই নিজের জাত চেনান বিশাল। নর্থইস্টের রবি যাদব ও পার্থিবের শট আটকে দেন তিনি। মোহনবাগানের হয়ে বেকে, শুভাশিস, লিস্টন ও ম্যাকলারেন গোল করেন।
জয়ের পর প্যানোস বলেন, “মাঠে আমাদের জন্য ম্যাচটা ভীষণ কঠিন ছিল। নিজেদের চেনা ছন্দে ফুটবল খেলা কঠিন হয়ে উঠেছিল। তাই ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষের চাহিদা অনুযায়ী আমাদের খেলায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। ছেলেরা সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নিয়েছে এবং প্রত্যেকে একে অপরের জন্য লড়াই করেছে। এই জয়টা আমাদের প্রাপ্য।” ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান।
