আন্তর্জাতিক ফুটবল

নিউজিল্যান্ডের কাছে পাঁচ গোলের লজ্জা ভারতের

Published

on

সৌরভ রায়, অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ন্যূনতম লড়াইটুকুও দিতে পারল না ভারত। আক্রমণ, মাঝমাঠ থেকে রক্ষণ—কোনও বিভাগেই প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিতে পারলেন না খালিদ জামিলের ছেলেরা। গো মিডিয়া স্টেডিয়ামে অল হোয়াইটসের কাছে ৫-০ গোলে হারল ব্লু টাইগার্স। প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে ভারতের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। গোলের নীচে বিশাল কাইথ না থাকলে হারের ব্যবধান আরও বাড়তে পারত। একাধিক নিশ্চিত গোল বাঁচানোর পাশাপাশি একটি পেনাল্টিও রুখে দেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল জেসি র‍্যান্ডালের। বাকি গোলগুলি ক্রিস উড ও লাচলান বেলিসের। এ ছাড়া একটি আত্মঘাতী গোল করেন বিজয়।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণে চাপ তৈরি করতে থাকে নিউজিল্যান্ড। তার ফলও মেলে দ্রুত। পঞ্চম মিনিটেই বিজয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অল হোয়াইটস। এর পর একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন র‍্যান্ডালরা। বিশালের পরপর কয়েকটি দুরন্ত সেভে সাময়িক স্বস্তি পায় ভারত। ১৯ মিনিটে রায়ান উইলিয়ামসের পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন মনবীর সিং। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। উল্টে ৩৪ ও ৪৩ মিনিটে পরপর দু’টি গোল করে ভারতের প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত শেষ করে দেন র‍্যান্ডাল। প্রথমার্ধেই হ্যাটট্রিকের সুযোগ ছিল তাঁর সামনে। তবে বিরতির আগে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচটি পরিবর্তন করেন খালিদ জামিল। জয় গুপ্তা, হামতে, মেহতাব সিং, রিকি মেইতেই এবং মহম্মদ সুহেলকে মাঠে নামান তিনি। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় সুহেলের। কিন্তু তাতেও ভারতের খেলার ছবিতে কোনও পরিবর্তন আসেনি। বরং আক্রমণের ধার বজায় রাখে নিউজিল্যান্ড। ৫৭ মিনিটে হেডে গোল করে ব্যবধান বাড়ান ক্রিস উড। ৭৪ মিনিটে লাচলান বেলিসের দুরন্ত ভলিতে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

এর পরেও ভারতের অস্বস্তি কমেনি। ৭৮ মিনিটে পেনাল্টি পায় নিউজিল্যান্ড। কিন্তু বিল টুইলোমার স্পট কিক আটকে দিয়ে দলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচান বিশাল। ফিরতি শটও আটকে দেন ভারতীয় গোলকিপার। শেষদিকে ডেভিড ও টম্বা সিং হাওবামকে মাঠে নামান খালিদ। জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁদেরও। ৮৪ মিনিটে রায়ান উইলিয়ামসের একটি প্রচেষ্টা থাকলেও গোলের মুখ খুলতে পারেনি ভারত।

সব মিলিয়ে ম্যাচের কোনও পর্যায়েই নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারল না ভারত। মাঝমাঠ ও রক্ষণের মধ্যে সমন্বয়ের অভাব বারবার প্রকট হয়েছে। আক্রমণেও ছিল না প্রয়োজনীয় ধার। পাঁচ গোল হজম করে মাঠ ছাড়তে হল খালিদের দলকে। রবিবার ক্রাইস্টচার্চে ফের মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন ভারতের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version