ফুটবল
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আসরে ভারত, ১৪ জনের দল ঘোষণা বিবিয়ানোর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসব ২০২৬-এ অংশ নিতে চলেছে ভারতের অনূর্ধ্ব-১৫ পুরুষ ফুটবল দল। আগামী ২৪ থেকে ৩১ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তার আগে ১৪ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ।
প্রতিযোগিতার গ্রুপ ‘কে’-তে রয়েছে ভারত। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাহরাইন, ক্যামেরুন, গ্রেনাডা, লাওস ও সেনেগাল। ২৪ অক্টোবর লাওসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। পরের দিন ক্যামেরুন ও গ্রেনাডার মুখোমুখি হবে তারা। ২৬ অক্টোবর ভারতের প্রতিপক্ষ বাহরাইন ও সেনেগাল। অর্থাৎ, যোগ্যতা অর্জন পর্বে তিন দিনে পাঁচটি ম্যাচ খেলতে হবে ভারতকে।
ভারতীয় দলের গোলরক্ষক ধন্যা দেশাই ও জেনিত নিংথৌজাম। রক্ষণভাগে রয়েছেন বিরজিত সিং আমোম, মহম্মদ সোহেল খান, নারা মেইতেই লুশাম্বাম, প্রথম কুমার ও সৌমোজিৎ সরকার। মাঝমাঠে খেলবেন সি লালমিংরোপুইয়া, দীপক সিং আরামবাম, নিবাশ মেইতেই ওয়াহেংবাম, আর লালরেমরুয়াতফেলা এবং ভিক্টর লালাওমপুইয়া। আক্রমণভাগে ম্যাকডনিশ ঙাইরাংবাম ও রোনানদেব আহেইবামকে বেছে নিয়েছেন কোচ।
প্রতিযোগিতার প্রস্তুতিতে গত সপ্তাহে দোহায় অ্যাসপায়ার অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। দু’টি ম্যাচই ২-২ গোলে শেষ হয়। এরপর দিল্লিতে শিবির চালিয়ে আজারবাইজানের উদ্দেশে রওনা দেয় দল।
বিবিয়ানো জানিয়েছেন, সাহস, শৃঙ্খলা ও আগ্রাসনের সঙ্গে প্রতিটি ম্যাচে লড়াই করাই দলের লক্ষ্য। পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের উপরেও জোর দিচ্ছেন তিনি।
এই প্রতিযোগিতায় ১৮৯টি জাতীয় দল ৩২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ম্যাচগুলি হবে আটজনের দল নিয়ে। যোগ্যতা অর্জন পর্বের ফলের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ে ছ’টি স্তরে ভাগ করা হবে দলগুলিকে। প্রতিটি স্তরের বিজয়ী দলকে সম্মানিত করা হবে। ‘এ’ স্তরের চ্যাম্পিয়ন পাবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসব ২০২৬-এর শিরোপা।
