আন্তর্জাতিক ফুটবল

প্রিমিয়ার লিগের প্রথম সপ্তাতেই উত্তাপ, জয় দিয়ে শুরু চেলসি, আর্সেনালের

Published

on

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: নতুন মরশুমের শুরুতেই ইংলিশ প্রিমিয়ার লিগ বুঝিয়ে দিল, এবারও লড়াইটা সহজ হবে না। প্রথম ম্যাচউইকেই বড় দলগুলির পারফরম্যান্সে তৈরি হয়েছে একাধিক গল্প। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চেলসি। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচেই ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়ে দারুণ শুরু করল চেলসি।

ক্রেভেন কটেজে ম্যাচ শুরুর মাত্র ৩১ সেকেন্ডেই জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। তবে জশ কিংয়ের গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। বিরতির আগে মরগ্যান রজার্স গোল করে আবার চেলসিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান কোল পামার। শেষদিকে গনসালো গার্সিয়া গোল করে ফুলহ্যামকে ম্যাচে ফিরিয়ে আনলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

চেলসির আক্রমণভাগে পামার, পেদ্রো ও রজার্সের বোঝাপড়া প্রথম ম্যাচেই নজর কেড়েছে। তবে গোলরক্ষক রবার্ট সানচেজের কয়েকটি ভুল এবং রক্ষণভাগের দুর্বলতা জাভির চিন্তার কারণ হতে পারে।

অন্যদিকে, শেষ মরশুম চ্যাম্পিয়ন আর্সেনাল চ্যাম্পিয়ন হিসেবে মরশুমের প্রথম ম্যাচেই নিজেদের শক্তি দেখিয়েছে। সদ্য প্রিমিয়ার লিগে ওঠা কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। কাই হাভার্টজ, বুকায়ো সাকা এবং মার্টিন ওডেগার্ড গোল করেন।

তবে ম্যানচেস্টারের দুই দলের ছবি সম্পূর্ণ আলাদা। ম্যানচেস্টার ইউনাইটেড নবাগত হাল সিটির কাছে ২-০ গোলে হেরে মরশুম শুরু করল। সেমি আজাই এবং নোবেল মেন্ডির প্রথমার্ধের গোলেই ঐতিহাসিক জয় পায় হাল। নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই বড় দলের বিরুদ্ধে এমন জয় নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

অন্যদিকে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ২-১ জয় তুলে নিয়েছে। মার্কাস ট্যাভার্নিয়েরের গোলে পিছিয়ে থাকা সিটি ৮৪ মিনিটের পর জোশকো গভার্দিওল ও মার্ক গুয়েহির গোলে ম্যাচ ঘুরিয়ে দেয়। এনজো মারেস্কার অধীনে প্রথম লিগ ম্যাচেই তাই নাটকীয় প্রত্যাবর্তন পেল সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version