ফুটবল

FIFA WC 2026: ভিনিসিয়াসের জাদুতে মানরক্ষা ব্রাজিলের, মরক্কোর বিরুদ্ধে ১-১ ড্র

Published

on

সৌরভ রায়, নিউ জার্সি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-র বহুচর্চিত ম্যাচে মরক্কোর বিরুদ্ধে জয় অধরাই রইল ব্রাজিলের। কঠিন লড়াইয়ের শেষে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে পরাজয়ের হাত থেকে দলকে রক্ষা করলেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় মরক্কোকে। দ্রুতগতির আক্রমণ ও সুশৃঙ্খল রক্ষণে তারা বারবার চাপে ফেলে ব্রাজিলকে। তারই ফল মেলে ২১ মিনিটে। ব্রাজিলের ডিফেন্সের ফাঁক গলে বল পেয়ে নিখুঁত শটে জালে বল জড়ান মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দেশটি।

গোল হজমের পর আক্রমণের ঝাঁজ বাড়ায় ব্রাজিল। মাঝমাঠে বলের দখল বাড়িয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। অবশেষে ৩২ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দুরন্ত শট মরক্কোর গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। বিশ্বকাপের মঞ্চে তাঁর এই অনবদ্য গোলেই ম্যাচে ফিরে আসে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালায়। ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও মরক্কোর রক্ষণভাগ ছিল অত্যন্ত দৃঢ়। অন্যদিকে পাল্টা আক্রমণে কয়েকবার ব্রাজিলের রক্ষণকে বিপাকে ফেললেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি মরক্কো।

ফলে নির্ধারিত সময়ের শেষে ১-১ সমতায় শেষ হয় উত্তেজনাপূর্ণ এই লড়াই। এই ড্রয়ের ফলে গ্রুপ সি-তে নক-আউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠল। প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হল দুই দলকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version