ফুটবল
কাটতে চলেছে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা, বড় স্বস্তি সাদা-কালো শিবিরে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের অভিযান শুরুর ঠিক আগে বড় স্বস্তির খবর পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। ফিফার আরোপ করা ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী ট্রান্সফার উইন্ডো থেকে নতুন ফুটবলার, বিশেষ করে বিদেশি খেলোয়াড় সই করাতে আর কোনও বাধা থাকছে না সাদা-কালো শিবিরের।
প্রাক্তন বিদেশি ফুটবলার মহম্মদ কাদিরির বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় মহামেডানের উপর ট্রান্সফার ব্যান জারি করেছিল ফিফা। সম্প্রতি সেই বকেয়া মিটিয়ে দেওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ পরিষ্কার হয়েছে। ক্লাব সচিব ওয়াসিম আক্রম জানিয়েছেন, পরবর্তী ট্রান্সফার উইন্ডো খুললেই নতুন ফুটবলার নিবন্ধন করতে পারবে মহামেডান।
বর্তমানে মহামেডানের দলে কোনও বিদেশি ফুটবলার নেই। ফলে আই লিগ শুরুর আগে বিদেশি শক্তি যোগ করার সুযোগ পাবে ক্লাব, যা আগামী মরশুমের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সোমবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গিয়েছে।
এদিকে সোমবারই ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে মহামেডান। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ বাগপত এফসি। কলকাতা লিগে এখনও পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক ড্র করে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে সাদা-কালো ব্রিগেড।
তবে প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি তথ্য নেই কোচ মেহরাজউদ্দিনের কাছে। ম্যাচের আগে তিনি বলেন, “কলকাতা লিগ খেলে আমরা নিজেদের প্রস্তুত করেছি। দলের অনেকেরই ডুরান্ডের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই। প্রতিপক্ষ কেমন, তা নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার কথাই ফুটবলারদের বলেছি।”
ডুরান্ড কাপে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মহামেডান। তার আগে ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর নিঃসন্দেহে ক্লাব কর্তাদের পাশাপাশি সমর্থকদের মুখেও হাসি ফিরিয়েছে।
