আন্তর্জাতিক ফুটবল
EPL 2025/26: লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন মিশরীয় তারকা ‘মহম্মদ সালহা’
রে স্পোর্টজের ওয়েবডেস্ক: এক যুগের অবসানের পথে লিভারপুল ফুটবল ক্লাব। দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন মিশরীয় লেজেন্ড মহম্মদ সালহা। মরশুম শেষে অ্যানফিল্ড ছাড়ার সিদ্ধান্ত নিজেই জানিয়ে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। স্বভাবতই তাঁর বিদায়ে মন খারাপ লিভারপুল সমর্থকদের। ক্লাবের সাম্প্রতিক সাফল্যের অন্যতম স্তম্ভ ছিলেন এই মিশরীয় ফুটবলার।২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পরই বদলে যায় তাঁর কেরিয়ারের গতি। যুগেন ক্লপের অধীনে তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের ফুটবলার। ক্লাবের হয়ে ৩০০-র বেশি ম্যাচে প্রায় ২০০ গোল করে একাধিক ট্রফি জিতিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ থেকে ক্লাব বিশ্বকাপ সবই রয়েছে তাঁর ঝুলিতে। ব্যক্তিগত সাফল্যও কম নয়, দু’বার হয়েছেন লিগের সেরা ফুটবলার।তবে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে ধার কমেছে এই ফুটবলারের সঙ্গে যোগ হয়েছে নতুন কোচ আর্নে স্লটের সাথে মতবিরোধের জল্পনা। এই পরিস্থিতি যাতে আর জটিল না হয় তাই কি এই সিদ্ধান্ত মিশরীয় তারকার? শেষ পর্যন্ত বিদায়ের পথই বেছে নিলেন সালাহ। বিদায়ী বার্তায় তিনি বলেছেন, “অবশেষে সেই মনখারাপের দিনটা চলেই এল। লিভারপুল আমার কাছে কী, তা ভাষায় বোঝাতে পারব না। আমরা একসঙ্গে জিতেছি, লড়াই করেছি। আজ তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকরা কঠিন সময়ে আমাকে আগলে রেখেছেন। তাঁদের সমর্থন কখনই ভুলতে পারব না। আপনাদের জন্যই আই উইল নেভার ওয়াক অ্যালোন।”
