ইস্টবেঙ্গল
DURAND CUP 2026: ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু-এর প্রাথমিক পর্বের ম্যাচের ক্লান্তি নিয়েই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে মাত্র এক দিন অনুশীলনের সুযোগ পেয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তার উপর প্রথম একাদশে আগের ম্যাচের মাত্র তিন জনকে রেখে দল নামান তিনি। সেই প্রভাব পড়ল মাঠেও। একের পর এক সুযোগ নষ্ট করেও শেষ পর্যন্ত ১-০ গোলে ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ।
প্রথমার্ধে বেশির ভাগ সময় বলের দখল ছিল ইস্টবেঙ্গলের। চার মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন ডেভিড। আট মিনিটে সমীর মূর্মূর দূরপাল্লার শট বাঁচিয়ে দেন ফুরবা লাচেনপা। ৩৯ মিনিটে অবশেষে গোল আসে। ক্রিস ইকোনোমিডিসের বাড়ানো ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন পিভি বিষ্ণু।
বিরতির পর গোলের ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। ৫৯ মিনিটে জেসিন, ৬৮ মিনিটে ড্যানি রামিরেজ এবং পরে জেসিন ও বিপিন গোলের সুযোগ নষ্ট করেন। অন্য দিকে, পুরো ম্যাচে ইন্ডিয়ান আর্মির গোলকিপার ভাবিন্দ্র ঠাকুর দুর্দান্ত ছিলেন।
ম্যাচের সংযুক্ত সময়ে বিতর্ক আরও বাড়ে। বক্সের মধ্যে দীপক সিংকে ফাউল করা হলেও পেনাল্টি দেয়নি রেফারি। শেষ পর্যন্ত এক গোলের জয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইস্টবেঙ্গল। বুধবার এসসি দিল্লির বিরুদ্ধে শেষ চারের লড়াই।
