আইএসএল

হাবাসের ভুল সিদ্ধান্তে ড্র ইস্টবেঙ্গলের

Published

on

সায়ন প্রামানিক,কলকাতাঃ ইস্টবেঙ্গল যখন নতুন মরসুম শুরু করেছিল, লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেছিলেন, তাঁর দলের মূল লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে ভাল ফল করা। সেই প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে ইস্টবেঙ্গল। এএফসিতে মন দিতে গিয়ে, প্রথমে আইএফএ শিল্ড ফাইনালে হারে ইস্টবেঙ্গল। আর এখন আইএসএলেও পুরোপুরি খেই হারিয়ে ফেলার পথে গতবারের চ্যাম্পিয়নরা। শুক্রবারে এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচ যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। বৃষ্টিস্নাত যুবভারতীতে ম্যাচের ফলাফল হয় ২-২। দু’বার পিছিয়ে পড়েও ম্যাচে প্রত্যাবর্তন ঘটায় ইস্টবেঙ্গল। শুক্রবার লাল-হলুদের হয়ে গোল করেন এডমুন্ড লালরিন্ডিকা এবং একে লোবা। অন্যদিকে দিল্লির দুই গোলদাতা হলেন কার্লোস ফোর্টেস এবং আশুতোষ মেহতা।

তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করার জন্য যদি একমাত্র কেউ দায়ী হয়ে থাকেন তিনি হলেন স্বয়ং কোচ হাবাস। প্রায় গোটা ম্যাচ নিষ্প্রভ থাকা লুকাস জেলোনোস্কিকে তিনি কেন ৭৬ মিনিট অবধি বয়ে বেড়ালেন তা হয়তো শুধুমাত্র তিনিই জানেন। ম্যাচের শেষ কোয়ার্টারের শুরুতে হাবাস পরিবর্ত হিসাবে যখন ডেভিড, বিষ্ণু এবং লোবাকে নামালেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। লোবা গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরালেও, দলকে জেতানোর মত সময় আর পাননি। অন্যদিকে ম্যাচ চলাকালীন হাত ভেঙে, প্রায় দশ সপ্তাহের জন্য ছিটকে গেছেন এডমুন্ড। ফলে গুরুত্বপূর্ণ এএফসি এবং আইএসএলে কলকাতা ডার্বির আগে গতবারের চ্যাম্পিয়নরা যে আরও চাপে পড়ল তা বলাই বাহুল্য। পাশাপাশি কলকাতা ময়দানে যে কোনও কিছুই স্থায়ী নয় তা সকলেরই জানা। যদি হাবাস দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না করতে পারেন, সেক্ষেত্রে তাঁর উপরে চাপ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version