ফুটবল
DURAND CUP 2026: দ্বিতীয় জয়ের লক্ষ্যে মহামেডান
রে স্পোর্টজের প্রতিবেদন: ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে রবিবার মাঠে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। গ্রুপ বি-র ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ সমলেশ্বরী ক্লাব। প্রথম ম্যাচে বাঘপত এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছে মহামেডান। সেই ম্যাচে আক্রমণভাগের ধার, রক্ষণভাগের দৃঢ়তা এবং দলগত সমন্বয় নজর কেড়েছিল। বড় ব্যবধানে জয় পাওয়ায় আত্মবিশ্বাসও অনেকটাই বেড়েছে মেহরাজউদ্দিন ওয়াডুর দলের। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনেও পুরোপুরি মনোযোগী রয়েছে সাদা-কালো ব্রিগেড। ইতিবাচক মানসিকতা নিয়েই টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নক-আউট পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে মরিয়া মহামেডান স্পোর্টিং।
অন্যদিকে, সমলেশ্বরী ক্লাবের বিরুদ্ধে কোনওরকম আত্মতুষ্টিতে ভুগতে নারাজ সাদা-কালো ব্রিগেডের হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। প্রতিপক্ষকে সমীহ করেই পরিকল্পনা সাজানো হয়েছে। প্রথম ম্যাচের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলে তিন পয়েন্ট অর্জনই লক্ষ্য দলের। সমলেশ্বরীর বিরুদ্ধে মাঠে নামার আগে মেহরাজউদ্দিন বলেন, “এই ম্যাচটা আমাদের জন্য যথেষ্ট কঠিন। তবে জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব আমরা। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।” প্রথম ম্যাচের ইতিবাচক শুরু ধরে রেখে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারে কি না, এখন সেটাই দেখার। রবিবারের এই ম্যাচে জয় পেলে গ্রুপ থেকে পরের পর্বে ওঠার পথে আরও বড় সুবিধা পাবে মহামেডান স্পোর্টিং।
