ফুটবল
আইএফএলে অংশগ্রহণ ফি ঘিরে বিতর্ক, সরে দাঁড়াতে পারে চানমারি ও আইজল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অংশগ্রহণ ফি-র বোঝা আর বহন করা সম্ভব নয়। এই স্পষ্ট বার্তাই দিল মিজোরামের দুই প্রখ্যাত ক্লাব চানমারি এফসি ও আইজল এফসি। সাবেক আই লিগ, বর্তমান আইএফএলে খেলতে গেলে ক্লাবগুলিকে আনুমানিক ১.২৩ কোটি টাকা ফি দিতে হবে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই অর্থের প্রথম কিস্তি হিসেবে ২০ লক্ষ টাকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতেই আপত্তি জানায় দুই ক্লাব।
প্রথমে চানমারি এফসি জানায়, এত বিপুল অঙ্কের ফি দেওয়া তাদের মতো স্বল্প বাজেটের ক্লাবের পক্ষে কার্যত অসম্ভব। তাদের স্পষ্ট বক্তব্য, টাকা নয়, যোগ্যতাই হওয়া উচিত লিগে অংশগ্রহণের একমাত্র মাপকাঠি। এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের মূল চেতনাকেই আঘাত করছে বলেও মত প্রকাশ করে তারা।
এরপর একই সুর শোনা যায় তাদের নগর প্রতিদ্বন্দ্বী আইজল এফসি-র গলাতেও। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এত বড় অঙ্কের অর্থ ব্যয় করে আইএফএলে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বিষয়টি তারা ইতিমধ্যেই ফেডারেশনকেও জানিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।
তবে লিগ থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও ভারতীয় ফুটবলের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা স্পষ্ট করেছে দুই ক্লাবই। বিশেষ করে যুব ফুটবল উন্নয়নের ক্ষেত্রে তারা আগের মতোই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে। মিজোরামের ফুটবল সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছে ক্লাব কর্তারা।
আইএফএলে অংশগ্রহণ ফি নিয়ে এই বিতর্কে নতুন করে প্রশ্ন উঠছে ভারতীয় ফুটবলে আর্থিক সামর্থ্য, না কি ক্রীড়া দক্ষতা, কোনটি হবে অংশগ্রহণের আসল মাপকাঠি?
