ফুটবল
আন্তর্জাতিক ম্যাচের আগে জটিলতা ভারতীয় শিবিরে,সাংবাদিক সম্মেলন না করেই ফিরে গেলেন খালিদ জামিল
রে স্পোর্টজের ওয়েবডেস্ক : কোচিতে ভারতের আন্তর্জাতিক ম্যাচ ঘিরে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হল ম্যাচের আগেই। ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিরুদ্ধে নামার কথা ভারতীয় দলের, কিন্তু তার আগেই প্রশাসনিক জটিলতায় বিঘ্নিত হল প্রস্তুতি।ঘটনার সূত্রপাত সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে। জাতীয় দলের কোচ খালিদ জামিলকে সঙ্গে নিয়ে আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদ ও বিজয় ভার্গিস স্টেডিয়ামে পৌঁছলেও তাঁদের ঢুকতে বাধা দেয় গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি (জিসিডিএ)। ফলে নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল করেই দলকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন কোচ।পর্দার আড়ালে রয়েছে আর্থিক টানাপোড়েন। ম্যাচ আয়োজনের জন্য কেরল ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দাবি করেছিল জিসিডিএ। তবে সংস্থার দাবি, সম্ভাব্য টিকিট বিক্রি থেকে সেই অর্থ ওঠানো সম্ভব নয়। এই মতভেদের জেরেই পরিস্থিতি এতদূর গড়ায় বলে জানা গিয়েছে।একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের আগে এমন ঘটনা নিঃসন্দেহে চিন্তার বিষয়। মাঠের লড়াইয়ের আগে সংগঠনগত অস্থিরতা ভারতীয় দলের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।
