ফুটবল
CFL 2026: পাঁচ গোলে কোল ইন্ডিয়াকে উড়িয়ে দিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেল মোহনবাগান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শুরুতেই গোলের বন্যা। কলকাতা লিগের প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফেরানোর বার্তা দিল মোহনবাগান। বড় ম্যাচের পর একাদশে একাধিক বদল এনেও আক্রমণের ধার এতটুকু কমেনি সবুজ-মেরুনের। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। যদিও বিরতির পর গতি ও ফিটনেসে কিছুটা অভাব দেখা যায়, যার সুযোগে একটি গোল পরিশোধ করে কোল ইন্ডিয়া।
শুরুটা অবশ্য খুব একটা সহজ ছিল না। প্রথম ১৫ মিনিট সংগঠিত রক্ষণে মোহনবাগানের আক্রমণ আটকে রাখে কোল ইন্ডিয়া। কিন্তু ২১ মিনিটে সেই প্রতিরোধ ভাঙেন মনবীর সিং। সাহাল আব্দুল সামাদের নিখুঁত পাস ধরে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সবুজ-মেরুনকে। ৩৪ মিনিটে সাহাল নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তার তিন মিনিট পরই সন্দীপ মালিকের দুর্দান্ত গোলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে মোহনবাগান। ৩৮ মিনিটে কিয়ান নাসিরির গোলে স্কোরলাইন হয়ে যায় ৪-০। প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে পঞ্চম গোল। বক্সের মধ্যে মনবীরকে ফাউল করায় পেনাল্টি পায় মোহনবাগান। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই কোল ইন্ডিয়ার লড়াই কার্যত শেষ করে দেন মনবীর।
বিরতির পর অবশ্য ম্যাচের চেহারা কিছুটা বদলায়। হ্যাটট্রিকের হাতছানি থাকলেও একাধিক সুযোগ নষ্ট করেন মনবীর। ৭৪ মিনিটে সন্দীপের পাস থেকে সায়ন ব্যানার্জির শট আটকে দেন কোল ইন্ডিয়ার গোলরক্ষক সঞ্জয় কুমার। ফিরতি বলেও গোল করতে ব্যর্থ হন মনবীর। এর কিছুক্ষণ পর কোল ইন্ডিয়ার পাল্টা আক্রমণে নিজেদের বক্সে হাতে বল লাগিয়ে বসেন রাজ বাসফোর। পেনাল্টি থেকে ব্যবধান কমান ইরফান সরদার। শেষ দিকে আর কোনও বিপদ হতে দেয়নি মোহনবাগান। ৫-১ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের অভিযান শুরু করে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড।
