আন্তর্জাতিক ফুটবল
যুদ্ধের জেরে কাতার নয়, বার্নাব্যুতে হতে পারে ফাইনালিসিমা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের লড়াই ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। ইউরোপের সেরা দল স্পেন এবং কোপা আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে মর্যাদাপূর্ণ ফাইনালিসিমা প্রতিযোগিতায়।
প্রথমে এই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল কাতারে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ম্যাচের নতুন ভেন্যু নিয়ে শুরু হয়েছে আলোচনা।
স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্ণাবেউ স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয়, তবে বিশ্বের দুই শক্তিশালী দলের এই লড়াই দেখতে দর্শকে উপচে পড়তে পারে পুরো স্টেডিয়াম।
বার্সা তারকা দানি ওলমো বলেন “ফিনালিসিমায় এই প্রথম আমি মেসির বিপক্ষে খেলতে নামব। এটা আমার জন্য খুবই বিশেষ মুহূর্ত। সত্যি বলতে, আমার স্বপ্নই যেন পূরণ হতে চলেছে।”
ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের মধ্যে মেসি বনাম ইয়ামাল এই মহারণ ঘিরে ইতিমধ্যেই ফুটবল মহলে উত্তেজনা তুঙ্গে। এখন সকলের অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।
