আন্তর্জাতিক ফুটবল

পাঁচ গোলের দাপটে জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগের ম্যাচে জয় এলেও দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। মাত্র ৪ মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগে মেসির দারুণ কারিকুরিতে ব্যবধান বাড়ে, অ্যাসিস্ট করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন নিকোলাস ওতামেন্ডি। এরপর ভ্যালেন্টিন বার্কোর গোল এবং একটি আত্মঘাতী গোল মিলিয়ে বড় জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

পুরো ম্যাচে প্রায় ৭৬ শতাংশ বল দখলে রাখে আর্জেন্টিনা। ৯টি শটের মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে, যার বেশিরভাগই পরিণত হয় গোলে। এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১৬তম গোল পূর্ণ করেন মেসি, যেখানে তাঁর সামনে রয়েছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক বিরতিতে দু’টি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। এর আগে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালেও সেই ম্যাচে সন্তুষ্ট ছিলেন না স্কালোনি। বিশ্বকাপের আগে এটি ছিল সম্ভাব্য শেষ ম্যাচ, যদিও আরও দু’টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version