ফুটবল

ফের ধাক্কা! আফগানিস্তানের কাছে হার ভারতের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ফের হার ভারতের। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার ৮১ থেকে ৮৮ স্থান নির্ধারণের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের কাছে ১-২ গোলে পরাস্ত হল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন নিবাস মেইতেই ওয়াহেংবাম। আফগানিস্তানের হয়ে গোল করেন মহম্মদ মুস্তাফা ও শাহজাদা সুলতানি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারত। ষষ্ঠ মিনিটে পরপর কয়েকটি সুযোগও তৈরি করেছিল ব্লু কোল্টসরা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টে ১৫ মিনিটে মুস্তাফার গোলে এগিয়ে যায় আফগানিস্তান। বাঁ দিক থেকে শাহজাদা সুলতানির ক্রস থেকে ভারতীয় ডিফেন্সকে পরাস্ত করে গোল করেন মুস্তাফা। ২৭ মিনিটে ব্যবধান বাড়ায় আফগানরা। ভারতের ভুল পাস থেকে বল পেয়ে একক দক্ষতায় গোল করেন সুলতানি।
দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ভারত। ৩৭ মিনিটে রালরেমরুয়াতফেলার পাস থেকে গোল করে ব্যবধান কমান নিবাস। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালায় ভারতীয় দল। কিন্তু আফগানিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ব্লু কোল্টসদের।
এবার ভারতের সামনে কাজাখস্তান। হাঙ্গেরির কাছে হেরে যাওয়া কাজাখস্তানের বিরুদ্ধে ৮৫ থেকে ৮৮ স্থান নির্ধারণের সেমিফাইনালে খেলবে ভারত। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচটির। DAZN-এ সরাসরি সম্প্রচারিত হবে সেই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version