ফুটবল
AFC WOMEN’S ASIAN CUP 2026: চার বছরের ক্ষত ভুলে ফের লড়াইয়ে ভারতীয় মেয়েরা
রে স্পোর্টজের প্রতিবেদন: চার বছরের অপেক্ষার অবসান। নতুন স্বপ্ন নিয়ে এশিয়ান কাপে নামছে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল। বুধবার অস্ট্রেলিয়ার পার্থে এএফসি উইমেন এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ভিয়েতনাম। ২০২২ সালে কোভিডের জন্যে নিজেদের দেশে আয়োজিত এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াতে হয়েছিল ব্লু টাইগ্রেসদের। সেই হতাশা কাটিয়ে এবার যোগ্যতা অর্জন করে মূল পর্বে জায়গা করে নিয়েছে ভারত।
এ বছর দায়িত্ব নেওয়া কোচ আমেলিয়া ভালভার্দে স্পষ্ট বললেন, “চার বছর আগের কথা ভেবে লাভ নেই। এটা নতুন সুযোগ। আমরা নিজেদের প্রমাণ করতে প্রস্তুত।”
অধিনায়ক সুইটি দেবী নংবামও আত্মবিশ্বাসী, “আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। তিন সপ্তাহ আগে এখানে আসাটা আমাদের জন্য বড় সুবিধা হয়েছে।”
গত ৫২ দিনের প্রস্তুতি শিবিরে গুরগাঁও, তুরস্কের আনতালিয়া হয়ে পার্থে পৌঁছেছে দল। লক্ষ্য সেমিফাইনালে উঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা তবে কোচ সতর্ক, বললেন “ভিয়েতনাম শক্ত প্রতিপক্ষ। কিন্তু মাঠে আমরা আমাদের সেরাটাই দেব।”
