আন্তর্জাতিক ফুটবল

দুর্গাপুজোর আগেই বিশাল চমক, যুবভারতীতে সেলেকাওদের বিপক্ষে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। প্রায় দেড় দশক পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশের সিনিয়র দলকে সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছে কলকাতা। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। ফলে সন্দেশ, সামাদদের সামনে থাকবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলশক্তির বিরুদ্ধে নিজেদের মেলে ধরার বিরল সুযোগ।
মোহনবাগান ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই আন্তর্জাতিক ম্যাচের ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং আইএফএ সচিব কল্যান চৌবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, “এতদিন আমরা দর্শক হয়ে থেকেছি। এবার আমরা নিজেরাও খেলব।”
২০১১ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা কলকাতায় খেলেছিল। সেই স্মৃতি এখনও টাটকা। এবার ব্রাজিলের আগমনে উৎসবের আবহ তৈরি হতে চলেছে তিলোত্তমায়, দুর্গাপুজোর আগেই যা ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে বড় উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version