ফুটবল
FIFA WC 2026: টিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপে দুরন্ত শুরু সুইডেনের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত সূচনা করল সুইডেন। রবিবার গ্রুপ ‘এফ’-এর ম্যাচে টিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিল গ্রাহাম পটারের দল। মেক্সিকোর গুয়াদালুপে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সুইডেন।
ম্যাচের শুরুতেই দূরপাল্লার দুরন্ত শটে সুইডেনকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। সেই গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার ইসাক। প্রথমার্ধের শেষ দিকে ওমর রেকিক একটি গোল শোধ করে টিউনিসিয়াকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণের ঝড় তোলে সুইডেন। ভিক্টর গিয়োকেরেস গোল করে ব্যবধান ৩-১ করেন। এরপর ম্যাটিয়াস সভানবার্গ চতুর্থ গোল যোগ করেন। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান আরও বাড়ান আয়ারি। তাঁর সেই গোলও ছিল চোখধাঁধানো।
৫-১ ব্যবধানের এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থানও প্রায় নিশ্চিত করেছে সুইডেনের। অন্যদিকে, শক্তিশালী রক্ষণভাগের জন্য পরিচিত টিউনিসিয়া এই ম্যাচে একেবারেই ছন্দে ছিল না।
বিশ্বকাপে পৌঁছানোর পথও সহজ ছিল না সুইডেনের। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে শেষ স্থানে শেষ করেছিল তারা। পরে নেশনস লিগের প্লে-অফের সুযোগ কাজে লাগিয়ে মূলপর্বে জায়গা করে নেয় গ্রাহাম পটারের দল। সেই দলই এবার বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত শুরু করে শিরোপার লড়াইয়ে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানান দিল।
