ফুটবল
FIFA WC 2026: মেসি চ্যালেঞ্জে প্রস্তুত পিকফোর্ড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০০২ বিশ্বকাপের পর আবার বিশ্বমঞ্চে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে দুই ফুটবল শক্তির এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। সেই ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে আত্মবিশ্বাসী সুর শোনা গেল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কথায়।
“আমাদের সামনে যে দলই আসুক, আমরা জিততে প্রস্তুত। তবে মূল বিষয় হলো নিজেদের সেরা খেলাটা খেলতে পারা,” জানান পিকফোর্ড।
তাঁর মতে, আর্জেন্টিনাও সমানভাবে লড়াইয়ে নামবে, তাই কোনওভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। “বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন, এই ম্যাচটাও তার ব্যতিক্রম নয়,” যোগ করেন তিনি।
লিওনেল মেসির বিরুদ্ধে খেলার প্রসঙ্গ উঠতেই পিকফোর্ড বলেন, “ছোটবেলা থেকে ওকে দেখে বড় হয়েছি। এতদিন পর ওর বিপক্ষে খেলতে পারাটা বিশেষ অনুভূতি।” তবে শুধুমাত্র মেসিকে ঘিরে পরিকল্পনা করলে চলবে না বলেই মনে করছেন তিনি।
“মেসি যেমন বড় ফুটবলার , তেমনই আর্জেন্টিনা একটি শক্তিশালী দল। আমাদের তাদের পুরো দল নিয়েই ভাবতে হবে,” স্পষ্ট মন্তব্য তাঁর।
দলের প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডের এই গোলরক্ষক বলেন, “আমরা দল হিসেবে একসঙ্গে আছি, সেটাই আমাদের শক্তি। সামনে আরেকটা বড় ম্যাচ, এটাকে সেইভাবেই দেখছি।”
অতীতের অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। পিকফোর্ডের কথায়, “কাতারে ফ্রান্সের বিরুদ্ধে হারটা হতাশাজনক ছিল। ২০১৮ বিশ্বকাপ, ইউরো ফাইনাল এসব থেকে আমরা শিখেছি। এবার সেই শিক্ষা কাজে লাগানোর সময়।”এমিলিয়ানো মার্টিনেজ প্রসঙ্গেও প্রশংসা শোনা যায় তাঁর গলায়। কঠিন পথ পেরিয়ে আজকের জায়গায় পৌঁছনোর জন্য আর্জেন্টাইন গোলরক্ষককে কৃতিত্ব দেন পিকফোর্ড। সব মিলিয়ে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী কিন্তু সতর্ক ইংল্যান্ড শিবির।
