ক্রিকেট
যুদ্ধ আবহে ভারতে আটকে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত রবিবার ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারপর কেটে গেছে চার দিন। অথচ বৃহস্পতিবারেও নিজেদের দেশে ফিরতে পারেননি ড্যারেন স্যামিরা। ইজরায়েল আমেরিকার বিরুদ্ধে ইরানের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বন্ধ রয়েছে বিমান চলাচল। আর এই অবস্থায় কলকাতাতেই আটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে স্যামি লেখেন, “শুধু বাড়ি ফিরতে চাই।” একদিকে যেমন বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়ায় এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের অলসভাবেই বসে থাকতে হচ্ছে, অন্যদিকে তেমনি এই ভয়াবহ পরিস্থিতিতে প্রিয়জনদের কাছাকাছি থাকতে চাওয়া অস্বাভাবিক নয়। অথচ কলকাতায় আটকে রয়েছেন তারা। এমনকি কবে বাড়ি ফিরতে পারবেন সেই বিষয়েও নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে জিম্বাবুয়ে দলকেও। দিল্লিতে আটকে রয়েছে গোটা জিম্বাবুয়ে দল। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে দুই দলের ক্রিকেটারদেরই দেশে ফেরার বিমান ছিল দুবাই বিমানবন্দর হয়ে। কিন্তু বর্তমানের যুদ্ধ পরিস্থিতিতে দুবাই বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জয় শাহর আইসিসি। জানা গেছে দুবাইয়ের পরিবর্তে বিকল্প পথে ক্রিকেটারদের দেশে ফেরানোর চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। বৃহস্পতি এবং শুক্র এই দুই দিন মিলিয়ে দুই ভাগে জিম্বাবুয়ের ক্রিকেটারদের দেশে ফেরানো হবে। দুবাইয়ের পরিবর্তে ইথিওপিয়ার আদ্দিস আবাবা হয়ে দেশে ফিরবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও এরকম কোন বিকল্প পথ বেছে নেওয়া যায় কিনা এখন সেই বিষয়ই খতিয়ে দেখছে আইসিসি।
