ক্রিকেট
দুরন্ত ব্যাটিং বিরাটের, জয় পেল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। আর জয়ের নেপথ্যে সেই বিরাট কোহলি। বদোদরায় প্রথম ব্যাট করে কিউয়িদের ৮ উইকেটে করা ৩০০ রানের জবাবে এক ওভার বাকি থাকতেই ৩০৬ রান তুলে নেন শুভমন গিলরা। যদিও এক সময় একটু চাপে পড়তে হয়েছিল ভারতকে, কিন্তু শেষপর্যন্ত নিউজিল্যান্ডের একাধিক ক্যাচ নষ্টই ভারতের জেতার রাস্তা তৈরী করে দেয়।
এদিন হতাশ করেছেন রোহিত শর্মা। মাএ ২৬ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। অন্যদিকে বেশ অনেকটাই সময় নিয়ে ৭১ বলে ৫৬ রান করেছেন শুভমন গিল, কিন্তু এখনো চেনা ছন্দে ফেরেননি তিনি। ইনিংস এর মাঝে একবার ক্যাচও তুলে দিয়েছিলেন। তবে গ্লেন ফিলিপস এর ভুলে ক্রিজ ছাড়তে হয়নি গিলকে। যেখানে একদিকে রোহিত গিলের কাছে আশানুরূপ কিছুই পাওয়া গেল না, সেখানেই অন্যদিকে ঝোড়ো ব্যাটিং করলেন বিরাট কোহলি। ৮ টি চার এবং ১ টি ছয় দিয়ে সাজানো ছিল তার ৯১ বলে করা ৯৩ রানের ইনিংস। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০৬৮ রান করে কুমার সাঙ্গাকারাকে টপকে গেলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের তালিকায় উঠে এলেন দ্বিতীয় স্থানে। এখন তার সামনে শুধুই সচিন তেন্ডুলকার। এদিন কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছেন সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। চোট সারিয়ে মাঠে নেমে বিজয় হাজারে ট্রফিতেও দুরন্ত খেলেছিলেন তিনি। আর এবার জাতীয় দলের জার্সিতেও ফের চেনা ছন্দে পাওয়া গেল আইয়ারকে। যদিও একদিকে যেমন বিরাট কোহলি এদিন হাতছাড়া করেছেন সেঞ্চুরি, অন্যদিকে তেমনই মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি করা থেকে বঞ্চিত হলেন শ্রেয়াস আইয়ার। ৪৭ বলে ৪৯ রান করেই ফিরতে হল তাকে। তবে ভারতের মিডিল অর্ডার নিয়েই চিন্তা কিন্তু কাটছে না। বিরাট কোহলি আউট হওয়ার পরই লাগাতার উইকেট পতন দেখে বিশ্বকাপের আগে যে চিন্তার ভাঁজ পড়বে ম্যানেজমেন্টের কপালে তা বলাই বাহুল্য। ২ উইকেটে ২৩৪ রান থেকে মাএ দু ওভারের মধ্যেই ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৪২। এরপর আবার দলের হাল ধরেন লোকেশ রাহুল এবং হর্ষিত রানা। যদিও রানার সহজ ক্যাচ এদিন মিস করেছেন ড্যারেল মিচেল। ২৩ বলে ২৯ রান করে আউট হন রানা। তারপর চোট থাকা সত্ত্বেও মাঠে আসেন ওয়াশিংটন সুন্দর। ৭ বলে ৭ রানের অপরাজিত ইনিংস খেলে সঙ্গ দিতে থাকেন রাহুলকে। অন্যদিকে রাহুলের ২১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস ভারতকে এনে দেয় সিরিজের প্রথম জয়।
আসন্ন বিশ্বকাপের আগে এই নিউজিল্যান্ড সিরিজ ভারতের ক্রিকেটারদের কাছে প্রস্তুতি মঞ্চ এটা বলার অপেক্ষা রাখে না। সেখানে যেমন একদিকে চেনা ছন্দে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে, অন্যদিকে তেমনই রান পেতে বেশ কষ্ট করতে হচ্ছে শুভমন গিলকে। রোহিত শর্মা বিধ্বংসী মেজাজে থাকলেও খুব অল্প বল খেলতে পেরেছেন এই ম্যাচে। আর দ্রুত উইকেট পতন ভারতের ব্যাটিং লাইন আপের দিকে প্রশ্ন তুলছে বারবার। এই পরিস্থিতিতে দ্রুত এই সমস্যার মোকাবিলা না করতে পারলে বিশ্বকাপে অনেকটাই চাপে পড়তে হবে গিল ব্রিগেডকে।
