ক্রিকেট

ফাইনালে আচরণবিধি ভঙ্গ, শাস্তি অর্শদীপের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার অর্শদীপ সিংহ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাঁর ম্যাচ পারিশ্রমিকের ১৫ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি তাঁর শৃঙ্খলাভঙ্গের খাতায় যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ঘটনাটি ঘটে। নিউজিল্যান্ডের ইনিংসের একাদশ ওভারে বল করার পর নিজের ফলো–থ্রুতে বল থামিয়ে তা আগ্রাসী ভঙ্গিতে ছুড়ে দেন অর্শদীপ। সেই বল গিয়ে লাগে ব্যাটার ড্যারিল মিচেলের প্যাডে। আন্তর্জাতিক ম্যাচে অনুচিত বা বিপজ্জনক ভঙ্গিতে বল নিক্ষেপ করার অভিযোগেই তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন অর্শদীপ। ফলে এ নিয়ে আর আলাদা শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন প্যালেকার এবং চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এই অভিযোগ আনেন।

উল্লেখ্য, আচরণবিধির প্রথম স্তরের অপরাধে সরকারি তিরস্কার থেকে শুরু করে ম্যাচ পারিশ্রমিকের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। কোনও ক্রিকেটারের ২৪ মাসে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমলে তা নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হয়। তখন এক টেস্ট বা দুটি এক দিনের বা দুটি টি–টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাও থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version