ক্রিকেট

অভিষেক-করণের ব্যাটিং ঝড়ে উড়ল উত্তরপ্রদেশ, সুপার লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলা

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সুপার লিগে ওঠার আশা জিইয়ে রাখল বাংলা। গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচে উত্তরপ্রদেশকে ৯৩ রানের বড় ব্যবধানে হারাল লক্ষ্মীরতন শুক্লের দল। বাংলার জয়ের দুই প্রধান কারিগর অভিষেক পোড়েল ও করণ লাল। দু’জনের বিধ্বংসী ব্যাটিংয়ে বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলা।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ১৫ ওভারে। শুরুতেই সুদীপ ঘরামি (১) ফিরে গেলেও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন অভিষেক। উত্তরপ্রদেশের অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারকেও রেয়াত করেননি তিনি। মাত্র ৩৯ বলে ৬৯ রান করেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা।

অন্য প্রান্তে অভিমন্যু ঈশ্বরণ (১৯) ফিরে গেলেও রান তোলার গতি কমতে দেননি করণ লাল। অভিষেক আউট হওয়ার পর কার্যত একাই উত্তরপ্রদেশের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করেন তিনি। মাত্র ২৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন করণ। মারেন পাঁচটি চার ও আটটি ছক্কা। ঋষভ চৌধুরী ১৮ রানে অপরাজিত থাকেন।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে উত্তরপ্রদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক কর্ণ শর্মা ২৭ এবং ভুবনেশ্বর কুমার ২৫ রান করেন। নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি তুলতে পারেনি উত্তরপ্রদেশ। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামানিক ১৫ রানে তিনটি এবং অখিলেশ যাদব ২৭ রানে দু’টি উইকেট নেন। মহম্মদ শামি তিন ওভারে ২৩ রান দিলেও কোনও উইকেট পাননি।

এই জয়ের ফলে এলিট গ্রুপ এ-তে ছ’ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। সমান পয়েন্ট রয়েছে বরোদা ও রাজস্থানেরও। তবে একটি করে ম্যাচ কম খেলেছে তারা। বাংলার শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে পারলে সুপার লিগে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে লক্ষ্মীরতন শুক্লের দলের। ফলে শেষ ম্যাচের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে রাখল বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version