আন্তর্জাতিক ক্রিকেট
গম্ভীরের মন্ত্রেই বদলেছে মানসিকতা জানালেন তিলক
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রতিপক্ষের মাঠ, অচেনা পরিবেশ কিংবা পিচের চরিত্র—কোনও কিছুই আর অজুহাত নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দাপটের নেপথ্যে রয়েছে এই মানসিকতাই। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিনটি জিতে ইতিমধ্যেই ট্রফি নিশ্চিত করেছে ভারত। এবার লক্ষ্য কিউয়িদের হোয়াইটওয়াশ করা। সেই বদলের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের দর্শনকেই কৃতিত্ব দিচ্ছেন তিলক বর্মা।
চতুর্থ ম্যাচের আগে তিলক বলেন, “এই পর্যায়ে এসে অজুহাত দেওয়ার কোনও সুযোগ নেই। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছি আমরা। তাই যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের এমন একটা মান তৈরি করতে হবে, যা দেখে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে।”
সফরের শুরুতেই গম্ভীর দলের কাছে নিজের প্রত্যাশা স্পষ্ট করেছিলেন। তিলকের কথায়, “গৌতম স্যর শুরুতেই আমাদের বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দীর্ঘ সফর। তাই টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরু করতে হবে, যাতে ওয়ানডে ও টেস্ট সিরিজেও আত্মবিশ্বাস ধরে রাখা যায়। টি-টোয়েন্টি সিরিজে আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করছি।”
ব্যক্তিগতভাবেও বদলেছে তিলকের ব্যাটিং। তিন নম্বরে ইনিংস গড়ার বদলে এখন ফিনিশারের ভূমিকায় তিনি। তাঁর কথায়, “এখন আমার মানসিকতা বদলেছে। প্রথম বল থেকেই ছক্কা মারার চেষ্টা করি। মারার মতো বল পেলে প্রথম বলেই আক্রমণ করি। এই দায়িত্বটা উপভোগ করছি। কঠিন পরিস্থিতি থেকে দলকে জিতিয়ে ফেরানোর আনন্দই আলাদা।”
