আন্তর্জাতিক ক্রিকেট
“পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত” : জেমাইমা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একজন ক্রিকেটার হওয়া সহজ কথা নয়। আর ভারতের মত দেশে মহিলা ক্রিকেট যেখানে সবেমাত্র গুরুত্ব পেতে শুরু করেছে, সেখানে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় ক্রিকেটারদের। বিভিন্ন সময় শারীরিক মানসিক ধকল তাদের বাধ্য করে হাল ছেড়ে দিতে। আর এবার নিজে মুখে সেই কথা জানলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য জেমাইমা রদ্রিগেজ। শারীরিক কারণে প্রতিমাসে নির্দিষ্ট কিছু সমস্যার সম্মুখীন হন মেয়েরা। অথচ এই ঋতুস্রাব নিয়ে এখনো রয়েছে প্রচলিত কিছু ট্যাবু। একদিকে যেমন এটাকে মেয়েদের দুর্বলতা মনে করা হয় অন্যদিকে সেরকমই দিনের পর দিন অবহেলিত হয় নারী স্বাস্থ্য। আর এই বিষয় সচেতনতা বাড়ানোই একমাত্র উপায় বলে মনে করছেন জেমাইমা। “সব থেকে বড় ভুল ধারণা হল ঋতুস্রাব মেয়েদের দুর্বলতা এবং এর নেতিবাচক প্রভাব পারফরম্যান্সের উপর দেখা যায়। এই কথা শুনে আমরা মেয়েরা অভ্যস্ত। আর তাই এখনো অনেক মেয়েই নিজেদের সমস্যার কথা মুখ ফুটে বলতে পারে না। তবে এটা বুঝতে হবে যে ঋতুস্রাব একটি অত্যন্ত স্বাভাবিক বিষয় হলেও এর প্রভাব আলাদা আলাদা শরীরে আলাদা আলাদা রকম। ফলে প্রত্যেকের উপর একই চাপ বা প্রত্যাশা রাখা ঠিক নয়” একটি বিশেষ সাক্ষাৎকারে বলেন জেমাইমা। পাশাপাশি ক্রিকেট জীবনের শুরু থেকে এই বিষয়ে খোলামেলা আলোচনা করতেন না পারার কারণে একাধিকবার সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি এ কথাও জানান। জেমাইমা বলেন, “দলের কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে বাকি শারীরিক বিষয়ে আলোচনা করতে যেরকম স্বচ্ছন্দ বোধ করি, সেরকমভাবেই এই বিষযয়েও খোলামেলা আলোচনা হওয়া উচিত। একমাত্র তবেই সচেতনতা বাড়বে এবং প্রয়োজনে ওই সময়টায় বিশ্রাম নিতে পারবে মেয়েরা। প্রথম দিকে আমিও আর পাঁচটা মেয়ের মত এই বিষয়ে আলোচনা করতে পারতাম না। ফলে যন্ত্রণা কষ্ট এগুলো সহ্য করে নিতাম। পরে বুঝেছি এই বিষয়ে যত জড়তা থাকবে তত বেশি দ্বিধা আর ভয় কাজ করবে। একমাত্র খোলামেলা আলোচনার মাধ্যমেই সেই জড়তা কাটানো সম্ভব। আগে পিরিয়ড হলে কাউকে বলতে পারতাম না বলে শরীরকে প্রয়োজনীয় বিশ্রাম দিতে পারতাম না। ওই অবস্থায় খেলতে হত। শারীরিকভাবে তো বটেই মানসিকভাবেও ভেঙ্গে পড়তাম। তবে এখন বুঝেছি শরীরের কথা শুনলে তবেই শরীর সুস্থ থাকে।” যবে থেকে মিডিয়ার নজরে এসেছেন জেমাইমা, চিরাচরিত ধ্যান ধারণার বিপরীতেই হাঁটতে দেখা গেছে তাকে। কখনো মাঠে শুয়ে সেলিব্রেশন তো কখনো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিল! তারপরেও সমালোচনা ভাঙতে পারেনি তাকে। আর এবার সমাজের প্রথাগত ট্যাবু ভাঙতে এগিয়ে এলেন বিশ্বকাপজয়ী জেমাইমা।
