ক্রিকেট
নির্বাসিত মোজারাবানি, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাকিস্তান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে আইপিএলে যোগ দিয়েছিলেন তিনি। আর এবার শাস্তি হিসেবে দু বছরের জন্য নির্বাচিত হতে হলো জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মোজারাবানিকে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
একটি সরকারি বিবৃতি জারি করে পিসিবি জানিয়েছে, “স্পষ্টভাবে শর্ত উল্লেখ্য থাকা সত্ত্বেও চুক্তি ভঙ্গ করে সেই শর্তকে উল্লঙ্ঘন করেছেন এবং এই চুক্তিকে অপমান করে পরস্পরবিরোধী ব্যবস্থা গ্রহণ করেছেন একজন ক্রিকেটার।” আর সেই অভিযোগেই আগামী দু মরসুমের জন্য পাকিস্তান সুপার লিগ থেকে নির্বাসিত হয়েছেন মোজারাবানি।
প্রসঙ্গত, ২০২৬ আইপিএল নিলামে প্রথমে জায়গা হয়নি তার। পাকিস্তান সুপার লিগের হয়ে প্রথমে ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দিয়েছিলেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। কিন্তু পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হয় কলকাতাকে। তখন তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে মোজারাবানিকে প্রস্তাব দেওয়া হলে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন। যেহেতু পিএসএল এবং আইপিএল একই সময় অনুষ্ঠিত হচ্ছে তাই এক্ষেত্রে যেকোনো একটি প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারতেন মোজারাবানি। আইপিএলকে বেছে নিয়ে কলকাতার দলে যোগ দিয়েছিলেন তিনি। আর সেই কারণেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কলকাতা নাইট রাইডার্স এর হয়ে এই মরশুমে দুটি ম্যাচ খেলে ইতিমধ্যেই ৪টি উইকেট তুলে নিয়েছেন মোজারাবানি। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ফর্ম বেশ ভালই ছিল। আর তাই তাকে বেছে নিতে একটুও দেরি করেনি আইপিএল ফ্রাঞ্চাইজি। তবে এখন প্রশ্ন উঠছে নাম সরিয়ে নেওয়ার পর এত দিন বাদে কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হল। এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট কোন উত্তর দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
