ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পুরস্কার, বড় অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে সঞ্জু, সূর্যদের

Published

on

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের জন্য ১৩১ কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বোর্ডের তরফে এই ঘোষণা করা হয়। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে এই বিপুল অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। আহমেদাবাদের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স এবং শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের।

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই। সেই অঙ্কের থেকে এবারের পুরস্কারমূল্য ৬ কোটি টাকা বেশি। অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপ জয়ের সাফল্যকে আরও বড় করে স্বীকৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে তিনবার টি-২০ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করল ভারত। ফাইনালে ভারতীয় ব্যাটিং ইউনিট ছিল অসাধারণ। দলের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করেন এবং তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করেই ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল স্কোর তোলে ভারত। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে যা সর্বাধিক রান।

২০২৬ সালের এই পুরস্কার ঘোষণার আরেকটি তাৎপর্য রয়েছে। ভারত শুধু এবার ট্রফি জেতেনি, বরং শিরোপা ধরে রেখে পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হিসেবেও ইতিহাস গড়েছে। সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় ছাড়া পুরো বিশ্বকাপে আর কোন পরাজয় নেই ভারতীয় দলের। অন্যদিকে, গত বছর মহিলাদের একদিনের বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকেও ৫১ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই। বোর্ডের এই পুরস্কার ঘোষণা ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যেরই আরেকটি বড় স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version