আন্তর্জাতিক ক্রিকেট

নমনের ছক্কায় রেকর্ড জয়, গম্ভীরের মুখরক্ষা শ্রেয়সদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল, ফের একই ভুলের পুনরাবৃত্তি করবে ভারত। শুরুটা দুর্দান্ত হলেও মাঝের ওভারগুলিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। কিন্তু অধিনায়কোচিত ইনিংস শ্রেয়স আইয়ারের। সঙ্গে অক্ষর পটেল ও নমন ধীরের লড়াই। শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২৬ রান তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নিল ভারত। টি-টোয়েন্টিতে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়।

ম্যাট হেনরির বলে ছক্কা হাঁকিয়ে দু’বল বাকি থাকতেই ভারতের জয় নিশ্চিত করেন নমন ধীর। তাঁর ১৫ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংসেই ম্যাচের শেষ ছবিটা বদলে যায়। শ্রেয়স আইয়ার ২৮ বলে করেন ৪২ রান। কঠিন পরিস্থিতিতে দু’জনের এই ইনিংসই ভারতকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনে।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির ছিল ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২২ রান তাড়া করতে নেমে ভালো শুরু করেও হারতে হয়েছিল ভারতকে। এবার সেই ভুল শুধরে নতুন রেকর্ড গড়ল দল।

২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের পেসারদের গতিকে কাজে লাগিয়ে দ্রুত রান তুলছিলেন তাঁরা। লকি ফার্গুসনের চতুর্থ ওভার থেকেই আসে ২২ রান। পাওয়ার প্লে-তে ভারত তোলে ৯৪ রান।

কিন্তু ব্রেসওয়েলের বলে ১২ বলে ২৯ রান করে অভিষেক আউট হতেই ছবিটা বদলাতে শুরু করে। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের সামনে সমস্যায় পড়ে ভারতীয় ব্যাটিং। দ্রুত উইকেট হারিয়ে চাপ বাড়ে দলের উপর।

এই পরিস্থিতিতে তিন নম্বরে তিলক বর্মাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ঈশান কিশনের মতো আক্রমণাত্মক ব্যাটারকে না নামিয়ে তিলককে পাঠানো কতটা যুক্তিযুক্ত ছিল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সেই চাপ সামলে ইনিংসের হাল ধরেন শ্রেয়স। তাঁকে সঙ্গ দেন অক্ষর পটেল। শেষ দিকে নমনের ঝোড়ো ব্যাটিং ভারতের জয় নিশ্চিত করে।

নিউজিল্যান্ডের বোলারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতের। একটা সময় যে ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল, সেই ম্যাচেই রেকর্ড জয়। ব্যাটারদের লড়াইয়ে বড় স্বস্তি পেল ভারতীয় শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version